মেডিকেল বোর্ড বলছে, শারীরিক অবস্থা এখনো অত্যন্ত আশঙ্কাজনক
গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির সর্বশেষ সিটি স্ক্যানে মস্তিষ্কের ফোলা বেড়েছে এবং হৃদস্পন্দন স্বাভাবিকের চেয়ে বেশি পাওয়া গেছে। মেডিকেল বোর্ড জানিয়েছে, তার অবস্থা এখনও সংকটাপন্ন।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থায় দ্বিতীয় দিনেও উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি। চিকিৎসকদের সর্বশেষ মূল্যায়নে দেখা গেছে, তার মস্তিষ্কের ফোলা আগের তুলনায় বেড়েছে এবং হৃদস্পন্দন স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি রয়েছে—যা চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে অত্যন্ত উদ্বেগজনক।
রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে এভারকেয়ার হাসপাতালের গঠিত মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ড এক বিবৃতিতে জানায়, সর্বশেষ সিটি স্ক্যানে হাদির সেরিব্রাল ইডেমা বৃদ্ধি পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। একইসঙ্গে ব্রেন স্টেমে আঘাতের কারণে রক্তচাপে ওঠানামা এবং হৃদস্পন্দনের অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছে।
মেডিকেল বোর্ড জানায়, গত ১২ ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি অস্ত্রোপচারের পর হাদিকে উন্নত চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসার দ্বিতীয় দিনে তার মস্তিষ্কে অতিরিক্ত চাপ ও ফোলাজনিত ঝুঁকি আরও স্পষ্ট হয়ে উঠেছে।
চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, বর্তমানে তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে। রক্তচাপ ও হৃদযন্ত্রের কার্যকারিতা স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় মেডিক্যাল সাপোর্ট অব্যাহত রয়েছে। ফুসফুসের কার্যকারিতা এবং ভেন্টিলেটর সাপোর্ট আপাতত স্থিতিশীল থাকলেও উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি।
মেডিকেল বোর্ড আরও জানায়, হাদির কিডনির কার্যক্ষমতা আপাতত বজায় আছে এবং ক্রিয়েটিনিনের মাত্রা কিছুটা কমেছে। তবে ব্রেন ইনজুরির কারণে হরমোনজনিত ভারসাম্যহীনতা দেখা দেওয়ায় প্রতি ঘণ্টায় প্রস্রাবের পরিমাণে তারতম্য হচ্ছে। এজন্য ফ্লুইড, ইলেক্ট্রোলাইট ও এসিড-বেস ব্যালেন্স নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণের ঝুঁকি বর্তমানে অনেকাংশে নিয়ন্ত্রণে রয়েছে। একই সঙ্গে ব্লাড সুগারও সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে, যা সংকটাপন্ন রোগীর ক্ষেত্রে একটি বড় ক্লিনিক্যাল চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছে বোর্ড।
মেডিকেল বোর্ডের মতে, ওসমান হাদির সামগ্রিক অবস্থা এখনো অত্যন্ত আশঙ্কাজনক। তবে সর্বোচ্চ পেশাদারিত্ব ও সমন্বয়ের মাধ্যমে তাকে সর্বোত্তম চিকিৎসা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। পরিবারের সম্মতি ও সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ পূর্ণ সহযোগিতা করবে বলেও জানানো হয়েছে।
চিকিৎসকরা অপ্রয়োজনে হাসপাতালে ভিড় না করা এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে হাদির দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।
উল্লেখ্য, শরিফ ওসমান হাদি জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট এলাকায় চলন্ত রিকশায় থাকা অবস্থায় তাকে মাথায় গুলি করা হয়। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
















