ভূগর্ভস্থ গুদামে দাহ্য সামগ্রী থাকায় আগুন ভয়াবহ, উদ্ধার ৪৫ জন
অনুমোদন ও বিল্ডিং কোড লঙ্ঘনের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি
ঢাকার কেরানীগঞ্জে একটি বহুতল ভবনের ভূগর্ভস্থ গুদামে লাগা ভয়াবহ আগুন ৯ ঘণ্টা পেরিয়েও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৯টি স্টেশনের ২০টি ইউনিট একযোগে কাজ করছে। এ সময় ভবনের বিভিন্ন ফ্লোরে আটকে পড়া ৪৫ জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) ভোর ৫টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের অপারেশন ও মেইনটেন্যান্স বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, গুদামটিতে বিপুল পরিমাণ কাপড়, ঝুট কাপড় ও সুতা মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তিনি বলেন, আগুনের তীব্রতা কিছুটা কমানো সম্ভব হলেও দোতলায় এখনো আগুনের ফুলকি রয়েছে।
তিনি আরও জানান, ভবনটি আবাসিক ও বাণিজ্যিক মিশ্র ব্যবহারের হওয়ায় উদ্ধার ও নির্বাপণ কার্যক্রম জটিল হয়ে পড়েছে। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা চলছে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শনে এসে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুক জানান, ভবনটির অনুমোদন ও বিল্ডিং কোড মানা হয়েছে কি না—তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, গ্যারেজের জায়গায় গুদাম তৈরি করা হয়েছে, যা আইনের ব্যত্যয়। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্তের সুপারিশ অনুযায়ী ভবন মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ঝুঁকি কাটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
















