আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন ও সহিংসতা বৃদ্ধিতে গভীর উদ্বেগ পররাষ্ট্র মন্ত্রণালয়ের
রাখাইন রাজ্যে বেসামরিক স্থাপনায় হামলাকে মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে বাংলাদেশ সব সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি হাসপাতালে সাম্প্রতিক বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে রাখাইন রাজ্যে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন এবং সহিংসতা ক্রমাগত বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা।
শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিন্দা জানায়। বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ বৈষম্যহীনভাবে বেসামরিক নাগরিক ও বেসামরিক স্থাপনার সুরক্ষার ওপর গুরুত্ব দেয়। বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গা ও রাখাইনসহ সব সম্প্রদায়কে সহিংসতা থেকে রক্ষা করা আন্তর্জাতিক মানবিক আইনের একটি মৌলিক দাবি, যা অবশ্যই মেনে চলতে হবে।
বাংলাদেশের পক্ষ থেকে রাখাইন রাজ্যে চলমান সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং মানবিক আইন ও নীতির প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানানো হয়েছে।
















