রাত ২টা ২০ ও ২৫ মিনিটে দুই দফা কম্পন, উৎপত্তিস্থল বিয়ানীবাজার–বড়লেখা অঞ্চল
এনসিএস জানায়—মাত্রা ছিল ৩.৫ ও ৩.৩; সিলেট আবহাওয়া অফিস তথ্য নিশ্চিত করতে পারেনি।
সিলেট আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো—তাও মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে পরপর দুইবার। বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে ২টা ২০ মিনিট ও ২টা ২৫ মিনিটে ভূকম্পনের এ দুটি ধাক্কা অনুভূত হয় শহরজুড়ে, যা রাতের নিস্তব্ধতায় আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মাঝে।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) নিশ্চিত করেছে, প্রথম কম্পনের মাত্রা ছিল ৩.৫, গভীরতা ২০ কিলোমিটার। দ্বিতীয় কম্পনের মাত্রা ছিল ৩.৩, গভীরতা ৩০ কিলোমিটার। দুই ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের বিয়ানীবাজার ও মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর অঞ্চল।
তবে সিলেটে এ দুই দফা ভূকম্পন অনুভূত হওয়ার বিষয়টি স্থানীয় আবহাওয়া অফিস নিশ্চিত করতে পারেনি। সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসেন বলেন, ঢাকায় কেন্দ্রীয় ভূমিকম্প পর্যবেক্ষণ সেন্টার সব তথ্য পর্যবেক্ষণ করে। তারা তথ্য পাঠালে স্থানীয়ভাবে জানানো সম্ভব হবে।
এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
















