যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে অন্তত ৬০০টি বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনা পুড়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় স্পোকেন এলাকায় প্রায় ৬০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
সপ্তাহান্তজুড়ে স্পোকেন ও আশপাশের এলাকায় দাবানল দ্রুত বিস্তার লাভ করে। পুরো অঙ্গরাজ্যে এখন পর্যন্ত প্রায় এক হাজার বর্গকিলোমিটার এলাকা আগুনে পুড়ে গেছে। এর মধ্যে কয়েকটি দাবানল এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, এখন পর্যন্ত কোনো হতাহত বা নিখোঁজের খবর পাওয়া যায়নি। তবে উদ্ধার ও ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র জানতে আরও সময় লাগবে। দাবানলে বহু বাড়িঘর ধ্বংস হয়েছে এবং বিভিন্ন এলাকায় ঘন ধোঁয়ায় আকাশ ঢেকে গেছে।
কর্তৃপক্ষের আশঙ্কা, আগামী কয়েক দিন শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। এদিকে দাবানলের কারণ এখনো নিশ্চিত করতে পারেননি তদন্তকারীরা।
শুধু ওয়াশিংটন নয়, পাশের বিভিন্ন অঙ্গরাজ্যেও দাবানল মোকাবিলায় কাজ চলছে। কোথাও শত শত বাড়ি হুমকির মুখে পড়েছে, আবার কোথাও আগুনে বহু গবাদিপশু মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
















