ইউরোপজুড়ে দাবানলের প্রভাব অব্যাহত থাকলেও গ্রীসে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। অন্যদিকে ফ্রান্স ও স্পেনে বড় বড় দাবানলের বিস্তার কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রবল বাতাসের কারণে গ্রীসের বিভিন্ন এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। রাজধানীর পশ্চিমাঞ্চলের উপকূলীয় একটি জনপ্রিয় পর্যটন এলাকায় শত শত অগ্নিনির্বাপক কর্মী, বিমান ও হেলিকপ্টারের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নিরাপত্তার স্বার্থে বহু মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং আরও কয়েকটি এলাকায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আগুন একাধিক দিকে ছড়িয়ে পড়ায় বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। দাবানলের উচ্চ ঝুঁকির কারণে বিভিন্ন অঞ্চলে সর্বোচ্চ সতর্কাবস্থা বজায় রাখা হয়েছে।
অন্যদিকে ফ্রান্স সরকার জানিয়েছে, দেশটির সাম্প্রতিক বড় দাবানলগুলো এখন নিয়ন্ত্রণে রয়েছে। কয়েকটি এলাকায় আগুনের বিস্তার থেমে গেছে এবং অগ্নিনির্বাপক বাহিনীর ব্যাপক প্রচেষ্টায় পরিস্থিতি স্থিতিশীল হয়েছে।
এদিকে পর্তুগালে বড় একটি দাবানল নিয়ন্ত্রণে আনা হয়েছে। স্পেনেও অধিকাংশ বড় দাবানলের বিস্তার থেমে গেছে এবং অনেক এলাকায় সরিয়ে নেওয়া বাসিন্দাদের ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে কিছু অঞ্চলে এখনো বিচ্ছিন্নভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে।
বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ, খরা এবং প্রবল গরমের কারণে ইউরোপে দাবানলের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে বনাঞ্চল দ্রুত শুকিয়ে যাওয়ায় আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ছে।
















