কক্সবাজার শহরে অভিযান চালিয়ে ৬৮০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ১২টার দিকে কক্সবাজার পৌরসভার নতুন বাহারছড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তি হলেন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মণ্ডলপাড়া এলাকার বাসিন্দা আব্দুল করিম (৫০)। তিনি ওই এলাকার মৃত আলী আহমদের ছেলে।
ডিএনসি কক্সবাজার জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার ২ নম্বর ওয়ার্ডের নতুন বাহারছড়া গ্রামের ৬ নম্বর বিআইডব্লিউটিএ ঘাটের প্রবেশমুখে রাসেল স্টোর নামের একটি দোকানের সামনে অবস্থান নেয় সংস্থাটির একটি দল। সেখানে সন্দেহভাজন হিসেবে আব্দুল করিমকে আটক করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির সামনের ডান কোচর থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো একটি পলিথিন প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটের ভেতরে ৬৮০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মণ্ডল বলেন, উদ্ধার করা ইয়াবা জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
















