গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তেলের পাম্প থেকে ১০০ টাকায় ডিজেল কিনে ১৫০ টাকা করে বিক্রির অপরাধে এক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে সোহাগ শেখ নামের ওই খুচরা তেল বিক্রেতাকে ৬ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার।
আল-আমিন হালদার বলেন, শুক্রবার দুপুরে টুঙ্গিপাড়ার পাটগাতী বাজার থেকে ২০০ লিটার তেল কিনে ভ্যানে করে কোটালীপাড়া যাচ্ছিলেন দুই যুবক। তখন তারা উপজেলার বালাডাঙ্গা ব্রিজের উপর পৌঁছলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) তাদের ভ্যান থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন। পরে তারা প্রতি লিটার তেল ১৫০ টাকা করে কেনার কথা স্বীকার করেন।
তিনি আরও বলেন, এনএসআই কর্মকর্তারা আমাকে জানালে তেলের ভ্যানসহ অভিযুক্ত সোহাগকে উপজেলা কার্যালয়ে তলব করি। তখন তিনি জানান প্রেট্রোল পাম্পে লাইনে দাঁড়িয়ে বিভিন্ন লোক দিয়ে লিটারপ্রতি ১০০ টাকা করে ২০০ লিটার ডিজেল তেল সংগ্রহ করেন। পরে সেই তেল তিনি ১৫০ টাকা করে বিক্রি করেছেন। বেশি দামে আর বিক্রি না করার শর্তে পেট্রলিয়াম আইনে তাকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
















