বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) অধীনে হবিগঞ্জ গ্যাসফিল্ডের ৫ নম্বর কূপের ওয়ার্কওভার কার্যক্রম শুরু হয়েছে। এর উদ্বোধন করা হয় ২৪ অক্টোবর পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) এস এম মাহবুব আলমের দ্বারা।
পেট্রোবাংলার ২৫ অক্টোবরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘তিতাস, বাখরাবাদ, হবিগঞ্জ ও মেঘনা গ্যাস ফিল্ডের সাতটি কূপ ওয়ার্কওভার’ শীর্ষক প্রকল্পের অংশ হিসেবে শুক্রবার থেকে ৫নম্বর কূপের ওয়ার্কওভার কার্যক্রম শুরু হয়। বাপেক্স তাদের বিজয়-১১ রিগ ব্যবহার করে এই কার্যক্রম পরিচালনা করছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে কাজ সম্পন্ন হওয়ার লক্ষ্য রাখা হয়েছে।
ওয়ার্কওভার শেষে হবিগঞ্জ গ্যাসফিল্ড থেকে দৈনিক ১০ থেকে ১৫ মিলিয়ন ঘনফুট অতিরিক্ত গ্যাস জাতীয় গ্রিডে যোগ হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফারুক হোসেন, সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক ও বিজিএফসিএল ও বাপেক্সের অন্যান্য কর্মকর্তারা।
উল্লেখ্য, হবিগঞ্জ ৫নম্বর কূপটি ১৯৮৮ সালে ৩৫২১ মিটার গভীরতায় খনন করা হয় এবং ১৯৯২ সালের ফেব্রুয়ারি থেকে কূপটি থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়।
















