সিডনিতে অজি বাংলা সিস্টারহুডের আয়োজনে প্রবাসীদের মিলনমেলা
সিডনির লিভারপুলে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত বৃহৎ ঈদমেলায় বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নিয়ে উৎসবের আমেজে কেনাকাটা ও আড্ডায় মেতে ওঠেন।
অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি নারীদের অন্যতম শীর্ষ সংগঠন ‘অজি বাংলা সিস্টারহুড’-এর উদ্যোগে সিডনির লিভারপুলে একটি বর্ণাঢ্য ঈদমেলা অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার (১ মার্চ) আয়োজিত এই মেলাটি প্রবাসের মাটিতে বাংলাদেশিদের জন্য অন্যতম বৃহৎ ঈদ আয়োজনে পরিণত হয়। সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলা এই উৎসবে পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে প্রবাসী বাংলাদেশিরা মেতে ওঠেন কেনাকাটা ও উদযাপনে। সিডনির বাইরের বিভিন্ন শহর থেকেও বিপুলসংখ্যক দর্শনার্থী এই আয়োজনে যোগ দেন।
মেলায় প্রায় ৯০টি স্টলে বাহারি পোশাক, গহনা, মেহেদি এবং শিশুদের জন্য খেলনার সমাহার ছিল। বিশেষ করে দেশীয় সুস্বাদু খাবারের স্টলগুলো ছিল ভোজনরসিকদের মূল আকর্ষণ। এই আয়োজনের উল্লেখযোগ্য দিক হলো, অংশগ্রহণকারী স্টলগুলোর অধিকাংশেরই মালিক ছিলেন নারী উদ্যোক্তারা, যা প্রবাসে বাংলাদেশি নারীদের ব্যবসায়িক সাফল্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
অজি বাংলা সিস্টারহুডের প্রতিষ্ঠাতা জান্নাত ফেরদৌসের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই মেলায় শিশুদের জন্য ফেস পেইন্টিং ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার মতো বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছিল। কেনাকাটার পাশাপাশি এটি সিডনি প্রবাসীদের জন্য একটি স্মরণীয় মিলনমেলায় রূপ নেয়।
















