পাসপোর্ট পৌঁছাতে বিলম্ব, দূতাবাসের পরামর্শ—নিশ্চিত হয়ে তবেই আসুন
আকাশপথ বন্ধ থাকায় ডেলিভারিতে তৈরি হয়েছে সাময়িক জটিলতা
মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির পরিস্থিতির কারণে কুয়েতে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকায় বাংলাদেশ থেকে পাঠানো পাসপোর্ট পৌঁছাতে বিলম্ব হচ্ছে। এ পরিস্থিতিতে কুয়েত প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ দূতাবাস।
মঙ্গলবার (৩ মার্চ) এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, আকাশপথ বন্ধ থাকায় বাংলাদেশে প্রিন্ট হওয়া পাসপোর্টগুলো নির্ধারিত সময়ের মধ্যে কুয়েতে পৌঁছানো সম্ভব হচ্ছে না। ফলে পাসপোর্ট ডেলিভারির ক্ষেত্রে সাময়িক জটিলতা সৃষ্টি হয়েছে।
এই পরিস্থিতিতে প্রবাসীদের অপ্রয়োজনীয় ভোগান্তি এড়াতে কয়েকটি নির্দেশনা দিয়েছে দূতাবাস।
নির্দেশনায় বলা হয়েছে, পাসপোর্ট স্লিপে উল্লেখিত ডেলিভারির তারিখ যাই থাকুক না কেন, পাসপোর্ট দূতাবাসে পৌঁছেছে কি না তা নিশ্চিত হয়েই কেবল দূতাবাসে যেতে হবে।
এছাড়া নতুন করে পৌঁছানো পাসপোর্টের তালিকা নিয়মিতভাবে দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজ ‘Bangladesh Embassy, Kuwait’-এ প্রকাশ করা হচ্ছে। প্রবাসীদের সেখান থেকে নিজের নাম যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাস আরও জানিয়েছে, মোবাইল ফোনে পাসপোর্ট পৌঁছানোর বিষয়ে অফিসিয়াল এসএমএস পাওয়ার পরই দূতাবাসে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
















