প্রায় চার দশক পর নাইজেরিয়ার কোনো রাষ্ট্রপ্রধান যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন। ব্রিটিশ রাজপ্রাসাদ বাকিংহাম প্যালেস জানিয়েছে, আগামী মার্চে রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু ও তার স্ত্রী ওলুরেমি টিনুবুকে স্বাগত জানাবেন।
রাজপ্রাসাদের ঘোষণায় বলা হয়, প্রেসিডেন্ট টিনুবু ও ফার্স্ট লেডি ১৮ ও ১৯ মার্চ উইন্ডসর ক্যাসেলে রাজা চার্লসের অতিথি হিসেবে অবস্থান করবেন। এটি হবে নাইজেরিয়ার পক্ষ থেকে যুক্তরাজ্যে প্রথম রাষ্ট্রীয় সফর, দীর্ঘ ৩৭ বছর পর।
এর আগে ১৯৮৯ সালে নাইজেরিয়ার সামরিক শাসক জেনারেল ইব্রাহিম বাবাঙ্গিদা যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফর করেছিলেন এবং তৎকালীন রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করেন। সেই সফরটি চার দিন স্থায়ী হয়েছিল।
যদিও এটি প্রেসিডেন্ট টিনুবুর যুক্তরাজ্যে প্রথম আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফর, তবে দায়িত্ব নেওয়ার পর তিনি একাধিকবার রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। গত বছর সেপ্টেম্বর মাসে টিনুবু দম্পতি বাকিংহাম প্যালেসে রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেন। একই সঙ্গে দুবাইয়ে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনের ফাঁকে একটি দ্বিপক্ষীয় বৈঠকও হয়।
রাষ্ট্রীয় সফর সাধারণত রাজকীয় আড়ম্বর ও আনুষ্ঠানিকতার মাধ্যমে দুই দেশের সম্পর্কের গুরুত্ব তুলে ধরার একটি কূটনৈতিক মাধ্যম হিসেবে বিবেচিত হয়। এ ধরনের সফরে প্রথাগতভাবে ঘোড়ার গাড়িতে শোভাযাত্রা, রাষ্ট্রীয় ভোজ ও উচ্চপর্যায়ের রাজনৈতিক বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে।
এই সফরটি এমন এক সময়ে হচ্ছে, যখন যুক্তরাজ্য ও নাইজেরিয়ার মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার হচ্ছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সাম্প্রতিক এক বছরে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ৮ বিলিয়ন পাউন্ডের বেশি, যা নাইজেরিয়াকে আফ্রিকায় যুক্তরাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদারে পরিণত করেছে।
গত বছর দুই দেশ একটি নতুন বাণিজ্য ও বিনিয়োগ অংশীদারিত্ব চুক্তি সই করে, যার লক্ষ্য ছিল ব্যবসা ও বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ।
মার্চের সফরের বিস্তারিত কর্মসূচি এখনও প্রকাশ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, রাষ্ট্রীয় আয়োজনের পাশাপাশি রাজনৈতিক আলোচনা ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে।
রাজা চার্লসের সঙ্গে নাইজেরিয়ার সম্পর্ক দীর্ঘদিনের। কমনওয়েলথভুক্ত এই দেশটির সঙ্গে তার ব্যক্তিগত যোগাযোগও রয়েছে। প্রিন্স অব ওয়েলস থাকা অবস্থায় তিনি একাধিকবার নাইজেরিয়া সফর করেছেন। তিনি নাইজেরিয়ার পিজিন ইংরেজি ভাষা ও আফ্রোবিটস সঙ্গীতের প্রতি আগ্রহের কথাও বিভিন্ন সময়ে প্রকাশ করেছেন।
এছাড়া, রাজা চার্লসের প্রতিষ্ঠিত দ্য কিংস ট্রাস্ট ইন্টারন্যাশনাল নাইজেরিয়ায় যুব কর্মসংস্থান তৈরির লক্ষ্যে একটি প্রকল্পও চালু করেছে, যা দুই দেশের সম্পর্কের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হচ্ছে।
















