মেলবোর্নে অনুষ্ঠিত ২০২৬ অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ এককের ফাইনালে সার্বিয়ার নোভাক জকোভিচকে হারিয়ে টেনিস ইতিহাসে নতুন অধ্যায় লিখেছেন স্পেনের কার্লোস আলকারাজ। এই জয়ের মাধ্যমে তিনি সবচেয়ে কম বয়সে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম সম্পন্নকারী পুরুষ খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েছেন।
২২ বছর বয়সী আলকারাজ প্রথম সেটে পিছিয়ে পড়লেও দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে ২-৬, ৬-২, ৬-৩ ও ৭-৫ গেমে জয় তুলে নেন। রড লেভার অ্যারেনায় তিন ঘণ্টা দুই মিনিটের এই লড়াইয়ে জয় পেয়ে তিনি জকোভিচের ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন ভেঙে দেন।
এই জয়ের মাধ্যমে আলকারাজ তার সংগ্রহে যোগ করলেন অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা। এর আগে তিনি দুইবার করে ফরাসি ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন জিতেছিলেন। ফলে মোট সাতটি গ্র্যান্ড স্ল্যাম জয় নিয়ে তিনি সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়লেন।
ম্যাচের শুরুতে ১০ বারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন জকোভিচ দ্রুত ছন্দে ছিলেন এবং টানা দুটি ব্রেক করে প্রথম সেট জিতে নেন। তবে দ্বিতীয় সেট থেকেই গতি বাড়ান আলকারাজ। শক্তি, গতি ও নিখুঁত শটের সমন্বয়ে তিনি ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নেন।
তৃতীয় সেটে দুই খেলোয়াড়ের মধ্যে বেশ কয়েকটি দীর্ঘ র্যালি দর্শকদের মুগ্ধ করে। চাপের মুখে ভুল বাড়তে থাকে জকোভিচের, আর সুযোগ কাজে লাগান আলকারাজ। চতুর্থ সেটে জকোভিচ শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেলেও স্প্যানিশ তারকা তাকে ধরে রাখতে দেননি।
এই জয়ে আলকারাজ তার স্বদেশি ও আদর্শ রাফায়েল নাদালের রেকর্ডও ভেঙেছেন। নাদাল যে বয়সে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করেছিলেন, আলকারাজ তা করেছেন আরও কম বয়সে। গ্যালারিতে বসে নাদাল নিজেই এই ঐতিহাসিক মুহূর্ত প্রত্যক্ষ করেন।
অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে এটি ছিল জকোভিচের প্রথম হার। এর আগে মেলবোর্নে খেলা সব ফাইনালেই তিনি জয় পেয়েছিলেন। ফলে এখনো তাকে অপেক্ষা করতে হচ্ছে রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্ল্যামের জন্য।
ম্যাচ শেষে পরাজয় সত্ত্বেও আলকারাজকে অভিনন্দন জানান জকোভিচ। দুজনের করমর্দন ও হাসিমুখের দৃশ্যকে টেনিস ইতিহাসে প্রজন্ম বদলের মুহূর্ত হিসেবে দেখছেন অনেকেই।
শিরোপা জয়ের পর আলকারাজ বলেন, ম্যাচের শেষ গেমে সার্ভ করতে গিয়ে তার পা কাঁপছিল। তিনি জানান, অস্ট্রেলিয়ায় এই শিরোপা জয় তার কাছে সবকিছু। দীর্ঘদিনের পরিশ্রমের ফল হিসেবেই এই সাফল্য এসেছে বলে মন্তব্য করেন তিনি।
অন্যদিকে জকোভিচ জানান, ভবিষ্যতে তিনি আবার অস্ট্রেলিয়ান ওপেনে ফিরবেন কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। দীর্ঘ ক্যারিয়ারের কথা স্মরণ করে তিনি দর্শকদের ভালোবাসার জন্য ধন্যবাদ জানান।
















