কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারেও বসছে জ্যামার, আরও কঠোর হচ্ছে কর্তৃপক্ষ
কারাগারের ভেতর থেকে সন্ত্রাস ও অপরাধ নিয়ন্ত্রণে ব্যবহৃত হচ্ছিল শতাধিক মোবাইল
কারাগারের ভেতরে অবৈধ মুঠোফোন ব্যবহার ঠেকাতে কঠোর ব্যবস্থা নিয়েছে কারা কর্তৃপক্ষ। বিশেষ কারাগারে ইতোমধ্যে মোবাইল জ্যামার বসানো হয়েছে এবং শিগগিরই কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারেও জ্যামার স্থাপন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পুলিশের স্পেশাল ব্রাঞ্চের নজরদারিতে উঠে এসেছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে ১৬ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে অবৈধভাবে অন্তত ৩৬০টি মোবাইল ফোন নম্বর ব্যবহার করা হচ্ছিল। এর মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ৭৯টি এবং কাশিমপুরে ২৮১টি নম্বর সক্রিয় ছিল।
অনুসন্ধানে দেখা যায়, এসব ফোন ব্যবহার করে কারাগারের ভেতর থেকেই মাদক কারবার, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছিল। কোনো কোনো ক্ষেত্রে রাজনৈতিক নির্দেশনাও দেওয়া হয়েছে এবং দুর্ধর্ষ আসামিদের মাধ্যমে কারাগার ভেঙে পালানোর পরিকল্পনাও করা হয়েছিল।
বিষয়টি সামনে আসার পর কারা কর্তৃপক্ষ অবৈধ ফোন ব্যবহার বন্ধে জ্যামার বসানোর সিদ্ধান্ত নেয়। এরই মধ্যে বিশেষ কারাগারে জ্যামার স্থাপন করা হয়েছে এবং কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে প্রক্রিয়া চলমান রয়েছে।
কারা কর্তৃপক্ষ স্বীকার করেছে, অসাধু কর্মকর্তা-কর্মচারী এবং তল্লাশির ফাঁকফোকর দিয়েই মূলত মোবাইল ফোন কারাগারের ভেতরে প্রবেশ করেছে। এ কারণে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত উল ফরহাদ জানান, গত এক বছরে অনিয়ম ও অপরাধে জড়িত থাকার দায়ে ৩০০–এর বেশি কারা কর্মকর্তা-কর্মচারীকে শাস্তি দেওয়া হয়েছে। এসব শাস্তির মধ্যে চাকরিচ্যুতি, বদলি, পদাবনতি ও পদোন্নতি স্থগিতের মতো ব্যবস্থা রয়েছে।
এদিকে কারাগারের নিরাপত্তা জোরদার ও আধুনিকায়নের অংশ হিসেবে বিশেষ পরিকল্পনার কথা জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন। তিনি বলেন, ভবিষ্যতে বিশেষায়িত কারাগার চালুর পরিকল্পনা রয়েছে, যেখানে মাদকাসক্ত, কিশোর অপরাধী ও অন্যান্য শ্রেণির বন্দিদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। পাশাপাশি ওপেন জেল চালুর বিষয়টিও বিবেচনায় রয়েছে।
বর্তমানে দেশের ৭৫টি কারাগারের ধারণক্ষমতা প্রায় ৪৩ হাজার হলেও সেখানে গড়ে প্রায় ৮০ হাজার বন্দি অবস্থান করছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
















