দীর্ঘ ২২ বছর পর ময়মনসিংহ সফর; সার্কিট হাউজ মাঠে মানুষের ঢল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে বিশাল জনসভায় ভাষণ দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় তিনি মঞ্চে উপস্থিত হলে নেতাকর্মীদের মুহুর্মুহু স্লোগান ও করতালিতে সমাবেশস্থল মুখরিত হয়ে ওঠে। ২০০৩ সালের পর দীর্ঘ ২২ বছরের ব্যবধানে ময়মনসিংহে এটিই তাঁর প্রথম সফর। তাঁর সঙ্গে সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও এই সফরে সঙ্গী হয়েছেন।
২৭ জানুয়ারি ২০২৬-এর এই জনসভাকে কেন্দ্র করে ময়মনসিংহ বিভাগের ২৪টি আসনের ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীরা মঞ্চে উপস্থিত রয়েছেন। দুপুর আড়াইটার আগেই সার্কিট হাউজ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায় এবং আশপাশের সড়কগুলোতেও বিপুল মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ময়মনসিংহ মহানগর ও জেলা ছাড়াও জামালপুর, নেত্রকোণা এবং শেরপুর জেলা থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে সমাবেশে যোগ দিয়েছেন। নেতাকর্মীদের ব্যাপক উচ্ছ্বাসে ময়মনসিংহে এক উৎসবমুখর নির্বাচনী পরিবেশের সৃষ্টি হয়েছে।
সমাবেশে উপস্থিত প্রার্থীর তালিকায় রয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স (ময়মনসিংহ-১), কায়সার কামাল (নেত্রকোনা-১), লুৎফুজ্জামান বাবর (নেত্রকোনা-৪) এবং ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা (শেরপুর-১) সহ বিভাগের অন্যান্য শীর্ষ নেতারা। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলুর সভাপতিত্বে আয়োজিত এই সভায় তারেক রহমান তাঁর বক্তব্যে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এবং রাষ্ট্র সংস্কারের রূপরেখা বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
















