চট্টগ্রামে বিএনপি নেতার ভাইকে হত্যার পর এবার ছোট ভাইকে ফোনে হুমকি, অডিও ভাইরাল
চট্টগ্রামে এক ব্যক্তিকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়ার একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। হুমকির শিকার আজিজ উদ্দিনের অভিযোগ, তাকে হুমকি দিয়েছেন চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ইমন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিওতে শোনা যায়, আঞ্চলিক ভাষায় অশ্লীল গালাগাল ও হত্যার হুমকি দিয়ে বলা হচ্ছে—“৫০ হাজার পুলিশ নিয়ে থাকলেও ঘরে গিয়ে মেরে ফেলব। তোর ভাইকে যেমন ১০ হাজার মানুষের মাঝখানে গুলি করে মেরেছি।” প্রায় দুই মিনিট ত্রিশ সেকেন্ডের এই অডিওটি রোববার আজিজ উদ্দিনের হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে বলে তার দাবি।
আজিজ উদ্দিন চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক। তিনি বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণাকালে গুলিতে নিহত সরোয়ার হোসেন ওরফে বাবলার ছোট ভাই। আজিজ উদ্দিন বলেন, ভাইকে হত্যার পর থেকেই নিয়মিতভাবে তাকে হুমকি দেওয়া হচ্ছে। সর্বশেষ অডিও পাওয়ার পর তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
গত বছরের ৫ নভেম্বর চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার খন্দকারপাড়া এলাকায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগ চলাকালে সন্ত্রাসীদের গুলিতে সরোয়ার হোসেন ওরফে বাবলা ঘটনাস্থলেই নিহত হন। ওই ঘটনায় বিএনপি প্রার্থীসহ আরও চারজন আহত হন। মামলায় পুলিশ ১৫ জনকে গ্রেপ্তার করলেও কে গুলি করেছে তা এখনো নিশ্চিত করা যায়নি। পুলিশ জানিয়েছে, বাঁহাতি কোনো শুটার গুলি চালিয়েছে।
আজিজ উদ্দিন জানান, হুমকির বিষয়টি তিনি মৌখিকভাবে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এবং চট্টগ্রাম নগর পুলিশের কমিশনারকে অবহিত করেছেন।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির বলেন, অভিযুক্ত মোবারক হোসেনকে গ্রেপ্তারে অভিযান চলছে। তিনি বিদেশি নম্বরের হোয়াটসঅ্যাপ ব্যবহার করে হুমকি দেওয়াসহ বিভিন্ন অপরাধে জড়িত বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। মোবারক পলাতক থাকায় এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
পুলিশের তথ্যমতে, মোবারক হোসেন ফটিকছড়ির কাঞ্চনগরের বাসিন্দা। চট্টগ্রাম নগরের বাকলিয়া এক্সেস রোডে জোড়া খুন ও পতেঙ্গায় ঢাকাইয়া আকবর হত্যা মামলাসহ মোট সাতটি মামলার আসামি তিনি। অস্ত্র ব্যবহারে পারদর্শী মোবারকের ১৫–২০টি অস্ত্র বহনের ছবি পুলিশের কাছে রয়েছে বলে জানানো হয়েছে। জোড়া খুনের ঘটনায় অস্ত্র ও মোটরসাইকেল জোগাড়ের পেছনেও তার ভূমিকার তথ্য পেয়েছে পুলিশ।
মোবারক হোসেন চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ছোট সাজ্জাদের অনুসারী হিসেবে পরিচিত। ছোট সাজ্জাদ গত বছরের ১৫ মার্চ ঢাকায় গ্রেপ্তার হলেও তার বাহিনীর কার্যক্রম পুরোপুরি থামেনি। পুলিশের ভাষ্য অনুযায়ী, বর্তমানে বাহিনীর নেতৃত্বে রয়েছেন মোবারক ও মোহাম্মদ রায়হান—দুজনই পলাতক।















