পাহাড়ি–বাঙালি সম্প্রীতির অঙ্গীকার, উন্নয়নবঞ্চনার অবসানের প্রতিশ্রুতি
প্রতীক বরাদ্দের পর বান্দরবান–৩০০ আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করেছেন বিএনপির প্রার্থী সাচিং প্রু জেরি। প্রচারণার প্রথম দিনেই পাহাড়ি ও বাঙালি ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
প্রতীক বরাদ্দ পাওয়ার পর বৃহস্পতিবার সকালে থানচি উপজেলা থেকে নির্বাচনি প্রচার শুরু করেন সাচিং প্রু জেরি। প্রচারণার শুরুতেই থানচি বাজার ও আশপাশের এলাকায় তিনি ব্যাপক গণসংযোগ করেন এবং লিফলেট বিতরণ করেন।
গণসংযোগকালে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করে বিএনপি প্রার্থী বলেন, পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি বজায় রেখেই বান্দরবানের সার্বিক উন্নয়ন তার প্রধান লক্ষ্য। “থানচির মতো জনপদ দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চিত ও অবহেলিত। আমি এই অবহেলার অবসান ঘটাতে চাই,”—বলেন তিনি।
তিনি আরও বলেন, পাহাড়ি–বাঙালি সবাইকে সঙ্গে নিয়েই একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও উন্নত বান্দরবান গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তার।
প্রচারণাকালে জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন জেলা বিএনপি নেতা অধ্যাপক ওসমান গণি, মুজিবুর রশিদ, আবদুল মাবুদ ও আবদুল কুদ্দুছ।
স্থানীয় বিএনপি নেতারা জানান, প্রচারণার প্রথম দিনেই সাধারণ ভোটারদের ব্যাপক সাড়া পাওয়া গেছে, যা নির্বাচনে ইতিবাচক ফলের ইঙ্গিত দিচ্ছে।
















