আলিয়া মাদরাসা মাঠে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু, প্রধান অতিথি তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে সিলেটে বিএনপির প্রথম নির্বাচনী জনসভা চলছে। নগরের আলিয়া মাদরাসা মাঠে সকাল থেকেই নেতা–কর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।
সিলেট নগরের আলিয়া মাদরাসা মাঠে আজ বৃহস্পতিবার সকাল ১০টা ৫০ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিএনপির নির্বাচনী জনসভা শুরু হয়। আম্বরখানা জামে মসজিদের খতিব মাওলানা সালেহ আহমেদ কোরআন তেলাওয়াত করেন।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী–এর সভাপতিত্বে আয়োজিত এই জনসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। দলীয় সূত্র জানায়, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে জনসভায় বক্তব্য দেবেন। বেলা ১১টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, তিনি তখনো সমাবেশস্থলে পৌঁছাননি।
এই জনসভার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে গতকাল বুধবার রাত থেকেই আলিয়া মাদরাসা মাঠের এক পাশে শামিয়ানা টানিয়ে ত্রিপলের ওপর শুয়ে–বসে বহু নেতা–কর্মী রাত কাটান।
আজ সকাল থেকেই সিলেট নগর ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে দলে দলে বিএনপির নেতা–কর্মীরা জনসভাস্থলে আসতে শুরু করেন। মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যাচ্ছে।
উল্লেখ্য, গতকাল রাতে তারেক রহমান সিলেটে এসে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)–এর মাজার জিয়ারত করেন। পরে তিনি দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে শ্বশুরবাড়িতে দলীয় নেতা–কর্মী ও সমবেতদের উদ্দেশে বক্তব্য দেন।
















