বিনিয়োগবান্ধব পরিবেশ জোরদার, এক প্ল্যাটফর্মেই মিলবে ব্যাংক ও ট্রেড লাইসেন্স সেবা
নতুন সংযোজনে মোট ৫২ প্রতিষ্ঠানের সেবা যুক্ত হলো ওএসএস পোর্টালে
দেশি ও বিদেশি বিনিয়োগ বাড়ানো এবং ব্যবসা পরিচালনা আরও সহজ করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ–এর ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের সঙ্গে নতুন করে সাতটি সিটি কর্পোরেশন ও চারটি ব্যাংক যুক্ত হয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট ১১টি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক সই করা হয়েছে।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বিডার সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডার নির্বাহী সদস্য এয়ার কমোডর (অব.) মো. শাহারুল হুদা।
সমঝোতা স্মারকে সই করা চারটি ব্যাংক হলো রূপালী ব্যাংক, ঢাকা ব্যাংক, ব্যাংক এশিয়া এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। আর যুক্ত হওয়া সিটি কর্পোরেশনগুলো হচ্ছে রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, গাজীপুর ও নারায়ণগঞ্জ।
এই সমঝোতার ফলে সংশ্লিষ্ট ব্যাংক ও সিটি কর্পোরেশনগুলোর ডিজিটাল সিস্টেম বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের সঙ্গে যুক্ত হবে। এর মাধ্যমে বিনিয়োগকারীরা এক জায়গা থেকেই অনলাইনে ব্যাংক হিসাব খোলা, ট্রেড লাইসেন্স গ্রহণসহ বিভিন্ন সেবা দ্রুত ও সহজভাবে নিতে পারবেন।
অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, ক্ষুদ্র উদ্যোক্তা থেকে শুরু করে বড় বিনিয়োগকারী—সবাই যেন একটি ওয়েবসাইট ও একটি লগইনের মাধ্যমেই প্রয়োজনীয় সরকারি সেবা পান, সেটিই বিডার মূল লক্ষ্য। সেবাগুলো বাস্তবে সঠিকভাবে কাজ করছে কি না, তা নিয়মিত মনিটরিং করা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, ওয়ান স্টপ সার্ভিস আইন অনুযায়ী বিনিয়োগসংক্রান্ত সেবা একক প্ল্যাটফর্মে দিতে ২০১৯ সালে এই পোর্টাল চালু করে বিডা। নতুন ১১টি প্রতিষ্ঠান যুক্ত হওয়ায় এখন পর্যন্ত মোট ৫২টি প্রতিষ্ঠানের সঙ্গে বিডার সমঝোতা স্মারক সই হয়েছে। বর্তমানে এই পোর্টালের মাধ্যমে ৪৭টি সংস্থার ১৪২টি সেবা দেওয়া হচ্ছে এবং এর মাধ্যমে দুই লাখের বেশি আবেদন নিষ্পত্তি করা হয়েছে।
















