জুলাই সনদ ও নতুন বাংলাদেশের ধারাবাহিকতা রক্ষার আহ্বান উপদেষ্টা আদিলুর রহমান খানের
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি ১২ ফেব্রুয়ারির গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান।
অন্তর্বর্তীকালীন সরকারের গৃহায়ন ও গণপূর্ত, শিল্প, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, জনতার কাফেলা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে, জনতার কাফেলা জুলাই সনদের পক্ষে এবং জনতার কাফেলা নতুন বাংলাদেশের পক্ষে।
শনিবার সকালে কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে পাবলিক লাইব্রেরি হলরুমে গণভোট বিষয়ে জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আদিলুর রহমান খান বলেন, জাতীয় সংসদ নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুলাইয়ের বীর শহীদদের আত্মত্যাগ ও জুলাই যোদ্ধাদের সংগ্রামের মধ্য দিয়েই নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। এই পরিবর্তনের ধারাবাহিকতা বজায় রাখতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার বিকল্প নেই।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে আর কাউকে ধরে নিয়ে ক্রসফায়ার দেওয়া চলবে না, আয়নাঘর বানানো চলবে না। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে থাকবে না বৈষম্য ও ফ্যাসিবাদ; যেখানে সব জাতিগোষ্ঠীর মানুষ সমান অধিকার ভোগ করবে।’
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান এবং কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান।
সভায় সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি এবং নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গণভোটের প্রচারণায় ব্যবহৃত ভোটের গাড়ির কার্যক্রম উদ্বোধন করেন উপদেষ্টা আদিলুর রহমান খান।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সাধারণ মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে বলেই ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। যারা ফ্যাসিবাদকে সমর্থন করে, তারা ‘না’-এর পক্ষে প্রচার করবে। আর যারা জনগণের অধিকার, গুম ও ক্রসফায়ারের বিরুদ্ধে—তারাই ‘হ্যাঁ’ ভোট দেবে। জুলাই সনদকে প্রাতিষ্ঠানিক রূপ দিতেই এই গণভোটের আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি।
















