রেকর্ড আদায় ও মুনাফায় শক্তিশালী হচ্ছে রাষ্ট্রীয় ব্যাংকটি
সংস্কার ও কঠোর আদায়ে ২০২৫ সালে নিট মুনাফা ১,৭০০ কোটি টাকায় পৌঁছানোর আশা
রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংক ২০২৫ সালে ঋণখেলাপিদের কাছ থেকে রেকর্ড ৪ হাজার ৬৩৩ কোটি টাকা আদায় করেছে, যা আগের বছরের তুলনায় ২৬৪ শতাংশ বেশি। একই বছরে ব্যাংকটির পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ৮ হাজার ১৭ কোটি টাকা—২০২৪ সালের তুলনায় যা প্রায় ৪১ শতাংশ বেশি।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান। তিনি বলেন, সব আর্থিক সূচকেই ব্যাংকের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। সংস্কার কার্যক্রম, বিশেষ পরিকল্পনা এবং ঋণ আদায় জোরদারের ফলে ব্যাংকের আর্থিক ভিত্তি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়েছে।
এমডি শওকত আলী খান জানান, নিরীক্ষা শেষে ২০২৫ সালে ব্যাংকটির নিট মুনাফা এক হাজার ১০০ কোটি টাকা থেকে বেড়ে এক হাজার ৭০০ কোটি টাকায় পৌঁছাতে পারে। এবার সোনালী ব্যাংকের কোনো প্রভিশন বা মূলধন ঘাটতি থাকবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।
ব্যাংকের হিসাব অনুযায়ী, ২০২৫ সালে আমানত ৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৭৯ হাজার ৮৭৮ কোটি টাকায়। একই সময়ে ঋণ বিতরণ বেড়েছে ৫ দশমিক ৫৭ শতাংশ, যা এক লাখ ৪ হাজার ৭২৩ কোটি টাকায় পৌঁছেছে।
খেলাপি ঋণের হারেও কিছুটা উন্নতি দেখা গেছে। ব্যাংকের তথ্য বলছে, ২০২৩ সালে খেলাপি ঋণের হার ছিল ১৩ দশমিক ২৩ শতাংশ। রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালে তা বেড়ে দাঁড়ায় ১৮ দশমিক ২০ শতাংশে। তবে ২০২৫ সালের শেষে এই হার কমে ১৫ দশমিক ৪১ শতাংশে নেমে এসেছে।
ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মতে, খেলাপি ঋণ আদায়ে ধারাবাহিক কঠোরতা ও কাঠামোগত সংস্কার অব্যাহত থাকলে আগামী বছরগুলোতে সোনালী ব্যাংকের আর্থিক সক্ষমতা আরও শক্তিশালী হবে।














