দক্ষিণ এশিয়ার উচ্চশিক্ষা সংস্কারে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক আয়োজন; অংশ নিচ্ছেন ৩০ প্রতিনিধি
‘উচ্চশিক্ষার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা-২০২৬’ শীর্ষক তিন দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলন আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) থেকে রাজধানীতে শুরু হচ্ছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে হোটেল লা মেরিডিয়ানে আন্তর্জাতিক এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন ‘হিট’ (HEAT) প্রকল্পের আওতায় এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে যুক্তরাজ্য, মালয়েশিয়া, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের উচ্চশিক্ষা বিশেষজ্ঞ এবং বিশ্বব্যাংকের প্রতিনিধিসহ মোট ৩০ জন আন্তর্জাতিক প্রতিনিধি অংশ নিচ্ছেন। সম্মেলনের মূল লক্ষ্য হলো দক্ষিণ এশীয় দেশগুলোর উচ্চশিক্ষা নেটওয়ার্ককে শক্তিশালী করা এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে একটি সম্মিলিত রোডম্যাপ তৈরি করা।
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। তিন দিনব্যাপী এই সম্মেলনে মোট আটটি সেশনে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সমন্বয়, ডিজিটাল রূপান্তর, কর্মসংস্থান বৃদ্ধি এবং গবেষণার স্থায়িত্ব নিয়ে আলোচনা হবে। সম্মেলনের শেষ দিন অর্থাৎ ১৫ জানুয়ারি ‘ঢাকা হায়ার এডুকেশন ডিক্লারেশন’ বা ঢাকা ঘোষণার মাধ্যমে দক্ষিণ এশিয়ার উচ্চশিক্ষার ভবিষ্যৎ পথরেখা প্রণয়ন করে আসরটি সমাপ্ত হবে।
















