সরকার কোনো দলকে বিশেষ সুবিধা দিচ্ছে না
অন্তর্বর্তী সরকার আসন্ন নির্বাচন ও গণভোটে কোনো রাজনৈতিক দলকে আলাদা বা বিশেষ সুবিধা দিচ্ছে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
অন্তর্বর্তী সরকার নির্বাচনী প্রক্রিয়ায় সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকার কোনো দলকে বাড়তি সুবিধা দিচ্ছে না এবং নির্বাচনে একটি ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বজায় রাখা হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, আসন্ন গণভোটে সরকার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাবে। এ বিষয়ে শীর্ষ আইনজ্ঞদের মতামত নেওয়া হয়েছে এবং তাঁদের মতে, সরকারের এই অবস্থানের ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই।
এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা ইইউ প্রতিনিধিদের আশ্বস্ত করেন যে, সরকার একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করতে সম্পূর্ণ প্রস্তুত।
বৈঠক-পরবর্তী ব্রিফিংয়ে শফিকুল আলম বলেন, সরকার ও নির্বাচন কমিশনের মূল্যায়ন অনুযায়ী দেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রয়েছে এবং রাজনৈতিক দলগুলো আইন মেনে প্রচার-প্রচারণা চালাচ্ছে।
সংবাদ সম্মেলনে নরসিংদীতে ব্যবসায়ী মণি চক্রবর্তী হত্যাকাণ্ডের বিষয়েও অবস্থান তুলে ধরা হয়। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ জানান, প্রাথমিক তদন্তে ঘটনাটি সাম্প্রদায়িক নয়; বরং পারিবারিক কলহ ও ব্যবসায়িক শত্রুতার জেরে ঘটেছে। তিনি যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর বক্তব্য না দেওয়ার আহ্বান জানান।
এ ছাড়া মিয়ানমার–বাংলাদেশ সীমান্তে এক শিশুর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সরকার তীব্র নিন্দা জানিয়েছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়।
















