১২ ফেব্রুয়ারির ভোট নিয়ে বিভাগীয় পর্যায়ে কর্মকর্তাদের মতবিনিময় শুরু
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গুরুত্বপূর্ণ সংস্কার প্রশ্নে আয়োজিত ‘গণভোট’ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি শুরু করেছে সরকার।
সোমবার (১২ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে, মাঠপর্যায়ের সরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের এই প্রক্রিয়ায় সম্পৃক্ত করতে বিভাগীয় পর্যায়ে প্রশিক্ষণ ও সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। রোববার বরিশালে প্রথম বিভাগীয় ও ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ এবং মনির হায়দার গণভোটের গুরুত্ব ও প্রক্রিয়া বিষয়ে প্রশিক্ষণমূলক বক্তব্য দেন। ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ইমামদের এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মাধ্যমে সরকারি কর্মকর্তাদের এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে তারা সাধারণ ভোটারদের মধ্যে সচেতনতা তৈরি করতে পারেন।
ঘোষিত সূচি অনুযায়ী, আজ ১২ জানুয়ারি রাজশাহীতে বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। পরবর্তীতে ১৪ জানুয়ারি রংপুর, ১৫ জানুয়ারি চট্টগ্রাম, ১৭ জানুয়ারি ঢাকা, ১৯ জানুয়ারি ময়মনসিংহ, ২২ জানুয়ারি সিলেট এবং ২৪ জানুয়ারি খুলনায় এই মতবিনিময় সভাগুলো অনুষ্ঠিত হবে। এসব সভায় সংশ্লিষ্ট বিভাগের জেলা ও উপজেলা কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। মূলত ভোটারদের মধ্যে গণভোট নিয়ে অস্পষ্টতা দূর করা এবং স্টেকহোল্ডারদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। উল্লেখ্য, ২০২৬ সালের এই গণভোটকে দেশের শাসনতান্ত্রিক সংস্কারের একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
















