নির্বাচন পরিচালনার কেন্দ্র হবে গুলশান, অভিযোগ জানাতে চালু হলো ১৬৫৪৩ নম্বর
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে; একই সঙ্গে নির্বাচনসংক্রান্ত অভিযোগ ও তথ্য জানাতে চালু হয়েছে ১৬৫৪৩ নম্বরের কল সেন্টার।
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেছে দলটি। পাশাপাশি নির্বাচনসংক্রান্ত যেকোনো সমস্যা, অভিযোগ বা তথ্য জানানোর জন্য একটি কল সেন্টারও চালু করা হয়েছে।
শনিবার গুলশান–২-এর ৯০ নম্বর সড়কের ১০/সি বাড়িতে কার্যালয়টির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে রুহুল কবির রিজভী জানান, বিএনপির নির্বাচন পরিচালনা স্টিয়ারিং কমিটির সব কার্যক্রম এই গুলশান কার্যালয় থেকেই পরিচালিত হবে। একটি জাতীয় নির্বাচন পরিচালনা করা জটিল ও চ্যালেঞ্জিং কাজ উল্লেখ করে তিনি বলেন, এই প্রক্রিয়াকে আরও সহজ, কার্যকর ও প্রযুক্তিনির্ভর করতেই কল সেন্টার চালু করা হয়েছে।
তিনি জানান, আজ থেকে ১৬৫৪৩ নম্বরে কল করে নির্বাচনসংক্রান্ত যেকোনো সমস্যা, অভিযোগ বা প্রশ্ন জানানো যাবে। বিশেষ করে মাঠে দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী প্রতিনিধিরা উদ্ভূত পরিস্থিতির তথ্য সরাসরি এই নম্বরে জানাতে পারবেন। অপারেটররা এসব তথ্য তাৎক্ষণিকভাবে নির্বাচন পরিচালনা স্টিয়ারিং কমিটি ও সংশ্লিষ্ট উপকমিটিগুলোর কাছে পৌঁছে দেবেন।
















