আফ্রিকা কাপ অব নেশনস ফুটবলের গ্রুপ পর্ব শেষ করল দুর্দান্তভাবে নাইজেরিয়া। মঙ্গলবার উগান্ডাকে ৩ ১ গোলে হারিয়ে গ্রুপ সি থেকে শতভাগ জয় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে সুপার ঈগলসরা। অন্য ম্যাচে তিউনিসিয়ার সঙ্গে ১ ১ ড্র করে ইতিহাস গড়েছে তানজানিয়া, যারা প্রথমবারের মতো নকআউট পর্বে উঠল।
আগেই গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করা নাইজেরিয়ার হয়ে এদিন জোড়া গোল করেন রাফায়েল ওনিয়েদিকা। চার বছর পর আন্তর্জাতিক ফুটবলে নিজের প্রথম গোল পান পল ওনুয়াচু। ১০ জনের উগান্ডাকে হারিয়ে গ্রুপ পর্বে তিন ম্যাচে তিন জয় নিয়ে নয় পয়েন্ট নিয়ে শীর্ষে শেষ করে নাইজেরিয়া।
গ্রুপ সিতে দ্বিতীয় হয়েছে তিউনিসিয়া, তাদের সংগ্রহ চার পয়েন্ট। তৃতীয় হয়ে সেরা চার তৃতীয় দলের একটি হিসেবে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে তানজানিয়া।
নাইজেরিয়া বেশ কয়েকজন নিয়মিত খেলোয়াড়কে বিশ্রামে রেখেও ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায়। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে সহজ সুযোগ নষ্ট করলেও ২৮ মিনিটে দলকে এগিয়ে দেন ওনুয়াচু। বাম প্রান্তে ফিসায়ো দেলে বাশিরুর দ্রুত গতির দৌড় থেকে নিখুঁত পাস পেয়ে গোলটি করেন এই লম্বা ফরোয়ার্ড। এটি ছিল ২০২১ সালের পর জাতীয় দলের হয়ে তার প্রথম গোল।
৫৬ মিনিটে বড় ধাক্কা খায় উগান্ডা। বদলি গোলরক্ষক সালিম জামাল মাগুলা পেনাল্টি বক্সের বাইরে হাত দিয়ে ভিক্টর ওসিমহেনের শট ঠেকাতে গেলে লাল কার্ড দেখেন। ইনজুরিতে পড়া প্রথম গোলরক্ষকের বদলি হিসেবে নেমেছিলেন মাগুলা, ফলে উগান্ডাকে তৃতীয় গোলরক্ষক নামাতে বাধ্য হতে হয়।
এরপর ৬২ মিনিটে ব্যবধান বাড়ায় নাইজেরিয়া। স্যামুয়েল চুকুয়েজের পাস থেকে শট নিয়ে আলিয়নজির পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠান ওনিয়েদিকা। পাঁচ মিনিট পর আবারও চুকুয়েজের সহায়তায় নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।
ম্যাচের শেষ দিকে কিছুটা সান্ত্বনার গোল পায় উগান্ডা। নাইজেরিয়ার রক্ষণভাগের অসতর্কতায় অ্যালান ওকেলোর পাস থেকে রজার্স মাতো গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান। তবে তাতে ফলাফলে কোনো প্রভাব পড়েনি।
গ্রুপ পর্বে ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে নাইজেরিয়া আবারও নিজেদের শক্তিমত্তার জানান দিল। দুই বছর আগে রানার্স আপ হওয়া দলটি ২০২৬ বিশ্বকাপের টিকিট না পাওয়ার হতাশার পর আফকনে ভালো করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে।
এদিকে রবাতে তিউনিসিয়ার বিপক্ষে পিছিয়ে পড়েও ১ ১ ড্র করে আফকনের নকআউট পর্বে প্রথমবারের মতো উঠেছে তানজানিয়া। ৪৫ বছর আগে প্রথম অংশ নেওয়ার পর এই প্রথম গ্রুপ পর্ব পেরোল তারা। প্রথমার্ধের শেষদিকে ইসমাইল ঘারবির পেনাল্টিতে এগিয়ে যায় তিউনিসিয়া। তবে বিরতির পর তিন মিনিটের মাথায় ফেইসাল সালুমের শক্তিশালী শটে সমতায় ফেরে তানজানিয়া।
টুর্নামেন্টে এটি ছিল তানজানিয়ার মাত্র দ্বিতীয় পয়েন্ট, কিন্তু সেটিই শেষ পর্যন্ত তাদের জন্য ইতিহাস গড়ার পথ খুলে দেয়। ১৯৮০ সাল থেকে একাধিকবার অংশ নিলেও এতদিন গ্রুপ পর্ব পার হতে পারেনি দলটি, আর চারটি আসরে এখনো তাদের কোনো জয় নেই।
















