বড় দায়িত্ব পাওয়ার সম্ভাবনা, আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থী হওয়ার ঘোষণা
সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম মো. তারেক রহমানের নেতৃত্বাধীন আমজনতার দলে যোগ দিয়েছেন। দলে তিনি গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ব্যক্তি হিরো আলম আনুষ্ঠানিকভাবে তারেক রহমান–এর নেতৃত্বাধীন আমজনতার দলে যোগ দিয়েছেন। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন হিরো আলম।
তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি এবার আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নয়, একটি রাজনৈতিক দলের মনোনয়নে অংশ নিতে চান। সে সিদ্ধান্ত থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেন তিনি।
হিরো আলম জানান, কয়েকটি দলের সঙ্গে আলোচনা হলেও আদর্শগত মিল না পাওয়ায় তিনি সেখানে যোগ দেননি। পরে একাধিকবার তারেক রহমানের সঙ্গে আলোচনার পর আমজনতার দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।
তিনি আরও বলেন, রোববার সন্ধ্যায় তিনি আনুষ্ঠানিকভাবে আমজনতার দলে যোগ দিয়েছেন এবং এ বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। আসন্ন সংসদ নির্বাচনে এই দলের প্রার্থী হিসেবেই তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন।
দলীয় একটি সূত্র জানিয়েছে, আমজনতার দলে হিরো আলমকে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।
এর আগে হিরো আলম বিভিন্ন সময়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন।
















