দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতি নিয়ে আজ সন্ধ্যায় ব্রিফিং
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির সর্বশেষ অগ্রগতি অবহিত করতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় সচিবালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সাম্প্রতিক অগ্রগতি নিয়ে সাংবাদিকদের অবহিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, যৌথ বাহিনীর নেতৃত্বে চলমান বিশেষ অভিযানের দ্বিতীয় ধাপসহ দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতি তুলে ধরতেই এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অবৈধ অস্ত্র উদ্ধার, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ফ্যাসিবাদী শক্তি দমনের লক্ষ্যে গত ১৩ ডিসেম্বর থেকে সারা দেশে যৌথ বাহিনীর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। গত সাত দিনে এই অভিযানে মোট ৫ হাজার ৯৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একাধিক আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এর আগে শনিবার রাজধানীর শাহবাগ এলাকায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী, ছাত্রসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন। কর্মসূচিতে তারা শরিফ ওসমান হাদির স্মরণে শোক প্রকাশ করেন এবং তার হত্যার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
সমাবেশে বক্তারা স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী–এর পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না হলে শিক্ষার্থী ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
















