নিরাপত্তাজনিত ঘটনার জেরে রোববার থেকে স্থগিত ভিসা কার্যক্রম
নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে চট্টগ্রামের খুলশীতে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি পর্যালোচনার পর পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে চট্টগ্রামে ভারতীয় ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ভারতীয় সহকারী হাইকমিশন। শনিবার (২০ ডিসেম্বর) ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক)-এর ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি এএইচসিআই চট্টগ্রামে ঘটে যাওয়া একটি নিরাপত্তাজনিত ঘটনার প্রেক্ষিতে আইভ্যাক চট্টগ্রামে ভারতীয় ভিসা কার্যক্রম রোববার (২১ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।
ভিসা কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, সার্বিক পরিস্থিতি পর্যালোচনা শেষে ভিসা আবেদন কেন্দ্র পুনরায় চালুর বিষয়ে পরবর্তী ঘোষণা দেওয়া হবে। নিরাপত্তা পরিস্থিতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ ছাড়া যেসব আবেদনকারীর ইতোমধ্যে ভিসা অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল, তাদের জন্য পরবর্তী সময়ে নতুন তারিখ ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে। এ বিষয়ে আবেদনকারীদের আইভ্যাকের অফিসিয়াল ওয়েবসাইট ও বিজ্ঞপ্তির দিকে নজর রাখার অনুরোধ করা হয়েছে।
হঠাৎ করে ভিসা কার্যক্রম বন্ধ হওয়ায় চট্টগ্রাম ও আশপাশের জেলার ভিসা প্রত্যাশীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুততম সময়ের মধ্যেই সেবা পুনরায় চালু করা হবে বলে আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
















