ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৯ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজন শিশু রয়েছে। শনিবার ভোরে চালানো হামলায় শহরের বিভিন্ন এলাকায় বিস্ফোরণ, অগ্নিকাণ্ড ও বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটে।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো জানান, শেভচেঙ্কিভস্কি জেলার একটি আবাসিক ভবনের অংশবিশেষ ধসে পড়ে এবং বহু মানুষ ধ্বংসস্তূপে আটকা পড়েন। এছাড়া কয়েকটি গুদামেও আগুন লাগে। এটি চলতি সপ্তাহে কিয়েভে দ্বিতীয় বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা। এর দুই দিন আগে ইউক্রেনে রুশ হামলার সময় একটি ক্ষেপণাস্ত্র পোল্যান্ডে গিয়ে পড়ার ঘটনাও ঘটে।
সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে, আর ইউক্রেন প্যাট্রিয়ট প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের সংকটে রয়েছে। এদিকে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স চাইলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিষয়টি এখনও আলোচনায় রয়েছে এবং উন্নত প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে ওয়াশিংটন সতর্ক অবস্থানে রয়েছে।
















