ভারতের মেঘালয় রাজ্যের বাংলাদেশ সীমান্তসংলগ্ন মাওলিনং (Mawlynnong) গ্রাম দীর্ঘদিন ধরে ‘এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম’ হিসেবে পরিচিত। ২০০৩ সালে এই স্বীকৃতি পাওয়ার পর পর্যটকদের ভিড়ে বদলে যায় গ্রামের অর্থনীতি ও জীবনযাত্রা। তবে ২০২৬ সালের জানুয়ারি থেকে গ্রাম কর্তৃপক্ষ প্রতি রোববার দিনভ্রমণকারী পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
গ্রামবাসীদের ভাষ্য, সপ্তাহে অন্তত একদিন তারা পর্যটকদের ব্যস্ততা থেকে মুক্ত থেকে নিজেদের স্বাভাবিক জীবন, পারিবারিক সময় এবং ধর্মীয় কর্মকাণ্ডে মনোযোগ দিতে চান। খ্রিস্টান অধ্যুষিত এই গ্রামে রোববার গির্জায় প্রার্থনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যটকদের সেবা দিতে গিয়ে অনেকেই আগে ধর্মীয় আচার-অনুষ্ঠানে স্বাভাবিকভাবে অংশ নিতে পারতেন না।
স্থানীয় কমিটির সদস্যদের মতে, সিদ্ধান্তটি শুধু ধর্মীয় কারণে নয়; গ্রামের পরিচ্ছন্নতা, সাংস্কৃতিক পরিচয় এবং শৃঙ্খলা রক্ষার লক্ষ্যেও নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি কিছু পর্যটকের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল ও আবর্জনার ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি আরও গুরুত্ব পায়। গ্রামবাসীরা মনে করেন, পরিচ্ছন্নতার যে সংস্কৃতি তাদের পরিচয়ের অংশ, তা রক্ষা করা জরুরি।
তবে যারা শনিবার গ্রামে এসে রাতযাপন করেন, তারা রোববারও অবস্থান করতে পারেন। এদিন অধিকাংশ দোকান, রেস্তোরাঁ ও স্যুভেনির শপ বন্ধ থাকে এবং পুরো গ্রামটি মূলত স্থানীয় বাসিন্দাদের জন্য সংরক্ষিত থাকে। গ্রামবাসীদের মতে, এই একদিন তাদের ‘আসল গ্রামীণ জীবন’ ফিরে পাওয়ার সুযোগ করে দেয়।
পর্যটন থেকে উল্লেখযোগ্য অর্থনৈতিক সুবিধা পেলেও মাওলিনংয়ের বাসিন্দারা মনে করেন, টেকসই পর্যটনের জন্য স্থানীয় সংস্কৃতি, ধর্মীয় মূল্যবোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষা সমান গুরুত্বপূর্ণ। তাই সপ্তাহে একদিনের এই বিরতি তাদের কাছে উন্নয়ন ও সামাজিক জীবনের মধ্যে একটি ভারসাম্য প্রতিষ্ঠার প্রচেষ্টা।
















