বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জানিয়েছেন, তিনি চলতি বছরের মধ্যেই দেশে ফিরবেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তাঁর দেশে ফেরা ব্যক্তিগত ক্ষমতার আকাঙ্ক্ষা নয়; বরং বাংলাদেশের জনগণের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র, আইনের শাসন এবং মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠার সঙ্গে যুক্ত।
শেখ হাসিনা বলেন, তিনি ক্ষমতার জন্য রাজনীতি করেন না; বরং জনগণের কল্যাণ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘সোনার বাংলা’ গড়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড। তিনি বলেন, বাংলাদেশের আদালতে তাঁর বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় ‘অবৈধ, অসাংবিধানিক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ একটি প্রক্রিয়ার ফল।
তিনি আরও দাবি করেন, বিচারব্যবস্থাকে রাজনৈতিক প্রতিশোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার চেষ্টা চলছে। তবে তিনি বলেন, অতীতেও এমন চেষ্টা ব্যর্থ হয়েছে এবং এবারও ব্যর্থ হবে। ‘আমি মৃত্যুকে ভয় পাই না’—সাক্ষাৎকারে এমন মন্তব্যও করেন তিনি।
আওয়ামী লীগের ভবিষ্যৎ সম্পর্কে শেখ হাসিনা বলেন, দলটি কোনো কাগুজে সংগঠন নয়; বরং বাংলার মাটি, মানুষের ইতিহাস ও জাতীয় পরিচয়ের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত একটি রাজনৈতিক শক্তি। গত ৭৭ বছরে দলটি বহুবার হামলা, নিষেধাজ্ঞা ও দমন-পীড়নের মুখে পড়লেও প্রতিবার জনগণের সমর্থনে ঘুরে দাঁড়িয়েছে বলে তিনি দাবি করেন।
সাক্ষাৎকারে তিনি বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রতি আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজনৈতিক মামলাগুলো বাতিল, রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান। তাঁর মতে, বাংলাদেশে একটি কার্যকর গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য এসব পদক্ষেপ প্রয়োজন।
















