প্রায় পাঁচ বছর পর ফরাসি শাসিত প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ নিউ ক্যালেডোনিয়ায় প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় সময় রোববার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনকে কেন্দ্র করে ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ২,৫০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
প্রায় ১ লাখ ৯২ হাজার ভোটার তিনটি প্রাদেশিক পরিষদের মোট ৭৬ জন সদস্য নির্বাচন করবেন। এর মধ্যে দক্ষিণ প্রদেশে ৪০, উত্তর প্রদেশে ২২ এবং লয়্যালটি দ্বীপপুঞ্জে ১৪ জন নির্বাচিত হবেন। পরে তাঁদের মধ্য থেকে ৫৪ জন নিউ ক্যালেডোনিয়ার কংগ্রেসে প্রতিনিধিত্ব করবেন, যা স্থানীয় আইন প্রণয়নের দায়িত্ব পালন করে।
২০২৪ সালে হওয়ার কথা থাকলেও কানাক স্বাধীনতাকামী ও ফরাসি-সমর্থকদের সহিংস সংঘাতের কারণে নির্বাচন স্থগিত করা হয়েছিল। এবারের নির্বাচনকে নিউ ক্যালেডোনিয়ার ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান এবং ফ্রান্সের সঙ্গে সম্পর্ক নির্ধারণে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
সম্প্রতি ফ্রান্সের সঙ্গে একটি রাজনৈতিক সমঝোতা প্রত্যাখ্যান করেছে প্রধান স্বাধীনতাকামী জোট। ওই প্রস্তাবে ‘ক্যালেডোনিয়ান রাষ্ট্র’ ও আলাদা জাতীয়তার স্বীকৃতি থাকলেও ভবিষ্যতে স্বাধীনতা বিষয়ে গণভোটের সুযোগ বাতিলের কথা ছিল। এর আগে ২০১৮, ২০২০ ও ২০২১ সালের তিনটি গণভোটেই সংখ্যাগরিষ্ঠ ভোটার ফ্রান্সের অংশ হিসেবে থাকার পক্ষে মত দেন, যদিও ২০২১ সালের গণভোট কোভিড-১৯ পরিস্থিতির কারণে স্বাধীনতাকামী দলগুলো বর্জন করেছিল।
















