যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট (ICE)-এর পরিচালক পদে সাবেক ওকলাহোমা স্টেট ট্রুপার ও সাবেক মেরিন সদস্য ল্যান্স শ্রয়ারকে মনোনয়ন দিয়েছেন। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দিয়ে ট্রাম্প বলেন, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার জন্য শ্রয়ারই উপযুক্ত ব্যক্তি।
ট্রাম্প দাবি করেন, প্রায় ২৯ বছরের আইনশৃঙ্খলা রক্ষার অভিজ্ঞতা থাকা শ্রয়ার অবৈধভাবে বসবাসকারী অপরাধীদের গ্রেপ্তার ও বহিষ্কারে নজিরবিহীন ভূমিকা রাখতে পারবেন। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিনও তার প্রশংসা করে বলেন, ওকলাহোমায় 287(g) কর্মসূচির আওতায় তিনি রাজ্য ও ফেডারেল সংস্থার সঙ্গে সমন্বয় করে অভিবাসনবিষয়ক অভিযান পরিচালনা করেছেন।
সিনেটে অনুমোদন পেলে শ্রয়ার ভারপ্রাপ্ত পরিচালক ডেভিড ভেনচুরেলার স্থলাভিষিক্ত হবেন। তবে ফেডারেল কোনো সংস্থার নেতৃত্ব দেওয়ার পূর্ব অভিজ্ঞতা না থাকায় সিনেটে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আইসিই গত কয়েক মাস ধরে নানা বিতর্কের মুখে রয়েছে। সংস্থাটির বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগ, নাগরিক অধিকার লঙ্ঘন, ভুলভাবে মার্কিন নাগরিককে আটক এবং হেফাজতে মৃত্যুর মতো একাধিক অভিযোগ উঠেছে। চলতি বছর এখন পর্যন্ত আইসিই হেফাজতে অন্তত ১৯ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে।
উল্লেখ্য, ২০১৭ সালে বারাক ওবামা প্রশাসনের নিয়োগপ্রাপ্ত সারাহ সালদানার মেয়াদ শেষ হওয়ার পর থেকে আইসিইতে আর কোনো সিনেট-অনুমোদিত পরিচালক নিয়োগ হয়নি। ট্রাম্প প্রশাসনের পুরো সময়জুড়ে সংস্থাটি ভারপ্রাপ্ত পরিচালকের মাধ্যমেই পরিচালিত হয়েছে।
















