দীর্ঘ কয়েক মাস ধরে চলা সরকারবিরোধী আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচ কয়েক সপ্তাহের মধ্যেই পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। শনিবার রাজধানী বেলগ্রেডে সরকারসমর্থক এক সমাবেশে তিনি জানান, পদত্যাগের পর আগাম প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
ভুচিচ বলেন, “আমি আর মাত্র কয়েক সপ্তাহ প্রেসিডেন্ট থাকব, এরপর পদত্যাগ করব।” তিনি জানান, আসন্ন নির্বাচনে নিজের দল সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টির পক্ষে প্রচারণা চালাবেন এবং সম্ভবত এটিই প্রেসিডেন্ট হিসেবে তার শেষ জনসভা।
তবে ঠিক কবে তিনি পদত্যাগ করবেন বা নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ জানাননি। তার বর্তমান ও শেষ মেয়াদ ২০২৭ সালের মাঝামাঝি পর্যন্ত থাকার কথা ছিল।
২০২৪ সালের নভেম্বরে নোভি সাদ রেলস্টেশন দুর্ঘটনায় ১৬ জন নিহত হওয়ার পর দেশজুড়ে ছাত্র-যুবকদের নেতৃত্বে সরকারবিরোধী আন্দোলন শুরু হয়। আন্দোলনের জেরে তৎকালীন প্রধানমন্ত্রী মিলোস ভুচেভিচ ২০২৫ সালের জানুয়ারিতে পদত্যাগ করেন এবং নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগ ও নির্বিচার গ্রেপ্তারের অভিযোগ ওঠে।
গত এক দশকের বেশি সময় ধরে সার্বিয়ার রাজনীতিতে প্রভাব বিস্তারকারী ভুচিচ আন্দোলনকারীদের বারবার “বিদেশি এজেন্ট” আখ্যা দিয়ে অভিযোগ করেছেন, তারা দেশে বিভাজন সৃষ্টি ও সরকার উৎখাতের চেষ্টা করছে।
এদিকে ভুচিচের সমাবেশের পাল্টা কর্মসূচি হিসেবে রোববার মধ্য সার্বিয়ার ক্রালিয়েভো শহরে নতুন সমাবেশের ঘোষণা দিয়েছে ছাত্র আন্দোলনের নেতারা। সেখানেও আগাম নির্বাচনের দাবিই প্রধান ইস্যু হতে যাচ্ছে।
















