বিশ্বকাপের শুরুটা প্রত্যাশামতো না হলেও শেষ পর্যন্ত গোলের খাতা খুলে আবারও আলোচনার কেন্দ্রে চলে এসেছেন পর্তুগালের তারকা ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো। উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ গোলের বড় জয়ে প্রথমার্ধেই দুটি গোল করে সমালোচনার জবাব দিয়েছেন তিনি।
ডিআর কঙ্গোর বিপক্ষে প্রথম ম্যাচে হতাশাজনক ড্রয়ের পর পর্তুগাল ও রোনালদো দুজনই সমালোচনার মুখে পড়েছিলেন। এদিকে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও এরলিং হালান্ড ইতোমধ্যে গোল করে বিশ্বকাপে নিজেদের ছাপ রেখেছিলেন। তবে উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে রোনালদোও নিজের উপস্থিতি জানান দিলেন।
এই দুই গোলের মাধ্যমে তিনি ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তি গড়েন। একই সঙ্গে বিশ্বকাপে পর্তুগালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে কিংবদন্তি ইউসেবিওকে ছাড়িয়ে যান।
পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ বলেন, মেসি-রোনালদোর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা ফুটবলকে সমৃদ্ধ করেছে এবং দুজনকেই নিজেদের সেরাটা ধরে রাখতে অনুপ্রাণিত করেছে। তিনি রোনালদোকে জাতীয় দলের জন্য আদর্শ ব্যক্তিত্ব আখ্যা দিয়ে বলেন, গোল করার পাশাপাশি মাঠ ও ড্রেসিংরুমে তার মনোভাব তরুণদের জন্য অনুকরণীয়।
অন্যদিকে উজবেকিস্তান কোচ ও ইতালির বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ফাবিও কানাভারো রোনালদোর দীর্ঘ ক্যারিয়ারের প্রশংসা করে বলেন, তাকে সামান্য জায়গা দিলেও তিনি গোল করে শাস্তি দিতে পারেন। ম্যাচ শেষে তিনি রোনালদোকে আরও কয়েক বছর ফুটবল খেলে যাওয়ার শুভকামনা জানান।
















