আমাদের অজান্তেই প্রতিদিনের খাবারের সঙ্গে শরীরে প্রবেশ করছে ক্ষুদ্র প্লাস্টিক কণা, যাকে বলা হয় মাইক্রোপ্লাস্টিক। এগুলো এতই ছোট যে চোখে দেখা যায় না, কিন্তু মাংস, মাছ, সবজি থেকে শুরু করে পানি ও চা—সবকিছুতেই এগুলোর উপস্থিতি মিলছে।
গবেষণায় দেখা গেছে, মাইক্রোপ্লাস্টিক শুধু বাইরের পরিবেশে নয়, রান্নাঘরের ভেতর থেকেই খাবারে প্রবেশ করছে। রান্নার সময় ব্যবহৃত প্লাস্টিকের চামচ, বোতল, কন্টেইনার কিংবা কাটিং বোর্ড থেকে ক্ষুদ্র প্লাস্টিক কণা খাবারের সঙ্গে মিশে যেতে পারে।
খাবারের উৎস থেকেই এই দূষণ শুরু হয়। ফসলের মাটি যদি আগে দূষিত থাকে, তবে গাছের শিকড়ের মাধ্যমে মাইক্রোপ্লাস্টিক খাবারে ঢুকে যেতে পারে। একইভাবে প্রাণীর খাদ্যের মাধ্যমে এসব কণা মাংস ও দুধেও পৌঁছায়। প্রক্রিয়াজাত খাদ্যে ঝুঁকি আরও বেশি, কারণ উৎপাদন প্রক্রিয়ায় বহু ধাপে প্লাস্টিকের সংস্পর্শ ঘটে।
বিশেষজ্ঞরা বলছেন, খাবার ধোয়ার মাধ্যমে কিছুটা মাইক্রোপ্লাস্টিক কমানো সম্ভব। যেমন চাল ধুয়ে রান্না করলে ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কমতে পারে। মাংস ও মাছ ধুলেও কিছুটা কমে, তবে পুরোপুরি দূর হয় না।
পানিও একটি বড় উৎস। বোতলজাত পানিতে ঢাকনা খোলা-বন্ধ করার সময়ই বিপুল পরিমাণ মাইক্রোপ্লাস্টিক তৈরি হতে পারে। গবেষণায় দেখা গেছে, প্রতি লিটার পানিতে শত শত ক্ষুদ্র কণা যুক্ত হতে পারে। এমনকি কলের পানিতেও মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে বিভিন্ন দেশে।
বিশেষজ্ঞদের মতে, নিরাপদ হলে কলের পানি ব্যবহার করা এবং ভালো মানের ফিল্টার ব্যবহার করলে ঝুঁকি কমানো সম্ভব। সাধারণ কার্বন ফিল্টারও উল্লেখযোগ্য পরিমাণ মাইক্রোপ্লাস্টিক কমাতে পারে।
চা পান করার ক্ষেত্রেও সতর্কতা দরকার। অনেক চা ব্যাগে প্লাস্টিক ব্যবহার করা হয়, যা গরম পানিতে বিপুল পরিমাণ ক্ষুদ্র কণা ছাড়তে পারে। তাই প্লাস্টিকমুক্ত চা ব্যাগ ব্যবহার করা ভালো।
খাবারের প্যাকেট বা কন্টেইনার থেকেও মাইক্রোপ্লাস্টিক আসে। প্লাস্টিকের প্যাকেট খোলার সময় কিংবা বারবার ব্যবহৃত প্লাস্টিক পাত্র থেকে ধীরে ধীরে কণা বের হয়। পুরোনো বা ক্ষতিগ্রস্ত প্লাস্টিক পাত্রে এই ঝুঁকি আরও বেশি।
রান্নার সরঞ্জামও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্লাস্টিকের কাটিং বোর্ড বা নন-স্টিক পাত্রে আঁচড় পড়লে তা থেকে বিপুল পরিমাণ মাইক্রোপ্লাস্টিক বের হতে পারে। এমনকি ব্লেন্ডার বা প্লাস্টিকের বাটি ব্যবহারেও ক্ষুদ্র কণা তৈরি হয়।
বিশেষজ্ঞরা বিকল্প হিসেবে কাঁচ বা স্টেইনলেস স্টিলের সরঞ্জাম ব্যবহারের পরামর্শ দেন। সিলিকন কিছুটা নিরাপদ হলেও এটি সম্পূর্ণ ঝুঁকিমুক্ত নয়, বিশেষ করে উচ্চ তাপমাত্রায়।
তাপের প্রভাবও গুরুত্বপূর্ণ। প্লাস্টিক যত বেশি গরম হয়, তত বেশি কণা ছাড়ে। মাইক্রোওভেনে প্লাস্টিক পাত্র ব্যবহার করলে লক্ষ লক্ষ ক্ষুদ্র কণা খাবারে মিশে যেতে পারে। গরম পানীয় প্লাস্টিকের কাপেও একই ঝুঁকি থাকে।
বাসন পরিষ্কারের সময় ব্যবহৃত স্পঞ্জ থেকেও মাইক্রোপ্লাস্টিক ছড়ায়। ব্যবহারের সঙ্গে সঙ্গে স্পঞ্জ ক্ষয়ে গিয়ে লাখ লাখ ক্ষুদ্র কণা পানিতে মিশতে পারে।
তবে বিশেষজ্ঞরা একবারে সব প্লাস্টিক ফেলে দিতে বলেন না। বরং যেসব জিনিস ক্ষতিগ্রস্ত বা পুরোনো, সেগুলো ধীরে ধীরে পরিবর্তন করে প্লাস্টিকমুক্ত বিকল্প ব্যবহার করার পরামর্শ দেন।
স্বাস্থ্যঝুঁকি নিয়ে এখনও গবেষণা চলছে। কিছু গবেষণায় দেখা গেছে, মানবদেহের বিভিন্ন অঙ্গে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। তবে এগুলোর দীর্ঘমেয়াদি প্রভাব সম্পর্কে এখনও নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।
সব মিলিয়ে, দৈনন্দিন জীবনে ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে মাইক্রোপ্লাস্টিক গ্রহণ কমানো সম্ভব। সচেতনতা ও অভ্যাসের পরিবর্তনই হতে পারে এই অদৃশ্য দূষণের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর প্রতিরোধ।
















