হরমুজ প্রণালিতে আটকে পড়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরানের কাছে সহায়তা চেয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিষয়টি নিয়ে কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আন্তর্জাতিক এক কূটনৈতিক সম্মেলনের ফাঁকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদেহর সঙ্গে বৈঠকে এ অনুরোধ জানান। তিনি ইরানকে অনুরোধ করেন, যাতে হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের জাহাজটি নিরাপদে চলাচল করতে পারে।
বাংলাদেশি জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ বর্তমানে ওই গুরুত্বপূর্ণ সমুদ্রপথে আটকে রয়েছে। এর আগে ইরান বন্ধুত্বপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশসহ কয়েকটি দেশের জাহাজ চলাচলের অনুমতি দিয়েছিল।
বৈঠকে খলিলুর রহমান বলেন, ইরান যে বাংলাদেশকে সেই অনুমতির তালিকায় রেখেছিল, তার জন্য বাংলাদেশ কৃতজ্ঞ। তিনি চলমান পরিস্থিতিতে সব পক্ষকে সংযম দেখানোর এবং আলোচনার মাধ্যমে বিরোধ সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।
এর আগে ইরানের রাষ্ট্রদূত বাংলাদেশের অবস্থান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি মনে করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিষয়ে বাংলাদেশ আরও কঠোর অবস্থান নিতে পারত এবং তা জাতিসংঘ সনদের লঙ্ঘন হিসেবে নিন্দা করা উচিত ছিল।
পরে পররাষ্ট্রমন্ত্রী ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে একই জাহাজসহ অপর একটি তেলবাহী জাহাজের নিরাপদ যাতায়াতের বিষয়টি তুলে ধরেন।
এদিকে চলমান সংঘাতের প্রভাবে দেশে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। বিভিন্ন পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে সরকার ইতোমধ্যে জ্বালানি ও গৃহস্থালি গ্যাসের দাম বাড়িয়েছে।
















