পাকিস্তান জানিয়েছে, চলতি মাসে পরিপক্ব হওয়া আমানতের অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত-কে ২ বিলিয়ন ডলার পরিশোধ করেছে তারা। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
স্টেট ব্যাংক অব পাকিস্তান-এর মুখপাত্র নূর আহমেদ বলেন, এই অর্থ পরিশোধ করা হয়েছে দ্বিপাক্ষিক আমানত চুক্তির আওতায়। তবে বাকি অর্থ পরিশোধের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
চলতি এপ্রিল মাসের মধ্যে পাকিস্তানকে মোট ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার ফেরত দেওয়ার কথা রয়েছে সংযুক্ত আরব আমিরাতকে। একই সময়ে দেশটি বৈদেশিক ঋণের চাপ সামাল দিতে নানা পদক্ষেপ নিচ্ছে।
পাকিস্তান দীর্ঘদিন ধরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে মিত্র দেশগুলোর সহায়তার ওপর নির্ভর করছে। বিশেষ করে সৌদি আরব এবং চীনের কাছ থেকে আর্থিক সহায়তা পেয়ে আসছে দেশটি।
সম্প্রতি সৌদি আরব পাকিস্তানকে অতিরিক্ত ২ বিলিয়ন ডলার ঋণ দিয়েছে, যা রিজার্ভ বাড়াতে তাৎক্ষণিক সহায়তা দিয়েছে।
একই সঙ্গে চলতি মাসেই পাকিস্তান ১ দশমিক ৪ বিলিয়ন ডলার ইউরোবন্ড ঋণও পরিশোধ করেছে। ফলে দেশটির বৈদেশিক লেনদেন ভারসাম্যে চাপ অব্যাহত থাকলেও মিত্র দেশগুলোর সহায়তায় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে।
এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ৭ বিলিয়ন ডলারের কর্মসূচির আওতায় পাকিস্তানকে নির্দিষ্ট মাত্রার বৈদেশিক মুদ্রা রিজার্ভ ধরে রাখতে হচ্ছে, যা পূরণে এই সহায়তাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
















