জুলাই সনদ নিয়ে সংসদে উত্তপ্ত বাক্যবিনিময়; ‘সংস্কার’ ও ‘সংশোধন’ শব্দে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ
সংসদে বিরোধী দলের কঠোর সমালোচনা করে সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ বলেছেন, জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে কেউ যদি আইন না বোঝেন, তবে তাদের বারবার বুঝিয়ে কোনো লাভ নেই। রোববার (৫ এপ্রিল) সরকার দলীয় সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের আনীত মুলতবি প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।
পার্থের দাবি, বিরোধী দল জুলাই আন্দোলনের ‘টেন্ডার’ নিয়েছে এবং তারা পরিকল্পিতভাবে ‘সংস্কার’ ও ‘সংশোধন’ শব্দগুলো ব্যবহার করে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি স্পষ্টভাবে বলেন, সরকার পক্ষ গণভোটের পক্ষে এবং সে কারণেই তারা ‘হ্যাঁ’ ভোট দিয়েছে। আলোচনার এক পর্যায়ে তিনি অভিযোগ করেন, বিরোধী দলীয় সংসদ সদস্যরা সংসদের গ্যালারিতে উপস্থিত জুলাই যোদ্ধাদের সঙ্গে তর্কে লিপ্ত হয়েছেন, যা অনভিপ্রেত। তাঁর মতে, জুলাই আন্দোলনের বীরদের সঙ্গে কথা বলার সময় আরও ধৈর্যের পরিচয় দেওয়া উচিত।
আন্দালিব রহমান পার্থের এই বক্তব্যের সময় বিরোধী বেঞ্চ থেকে প্রবল প্রতিবাদ জানানো হয়। বিরোধী দলীয় সংসদ সদস্যরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে সংসদ কক্ষ উত্তপ্ত করে তোলেন। মূলত জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া এবং এর আইনি ব্যাখ্যা নিয়ে সরকার ও বিরোধী শিবিরের মধ্যে শুরু থেকেই ব্যাপক মতপার্থক্য লক্ষ্য করা যাচ্ছে।
















