গাড়িবহর ১৪ থেকে কমে ৪; সচিবালয়ে হবে মন্ত্রিসভার বৈঠক, সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েনও বন্ধের নির্দেশ
রাজধানীতে ভিআইপি চলাচলে জনভোগান্তি কমাতে সরকারি গাড়ি ব্যবহার না করে নিজের ব্যক্তিগত গাড়িতে চলাচলের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তার গাড়িবহর কমানো ও সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান যানজট ও জনভোগান্তি কমাতে সরকারি গাড়ি ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজের গাড়ি, নিজের চালক ও নিজস্বভাবে কেনা জ্বালানি ব্যবহার করবেন। শপথ নেওয়ার পর প্রথম দিনের কর্মসূচিতে তিনি ব্যক্তিগত টয়োটা গাড়িতে সাভার ও শেরেবাংলানগর সফর করেন এবং সেখান থেকে সচিবালয়ে যান।
গাড়িবহরের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে বলেও জানান আতিকুর রহমান। আগে প্রধানমন্ত্রীর বহরে ১৩ থেকে ১৪টি গাড়ি থাকলেও এখন তা কমিয়ে চারটিতে আনা হয়েছে। বুধবার পতাকাবিহীন গাড়ি ব্যবহার করেছেন প্রধানমন্ত্রী। তবে রাষ্ট্রীয় অনুষ্ঠান বা বিদেশি অতিথির সফরের সময় সরকারি প্রটোকল অনুযায়ী পতাকা ব্যবহার করা হবে।
এছাড়া মন্ত্রিসভার বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবর্তে বাংলাদেশ সচিবালয়–এ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এতে ভিআইপি চলাচলজনিত সড়কজট ও সাধারণ মানুষের ভোগান্তি কমবে।
রাজধানীতে প্রধানমন্ত্রীর যাত্রাপথে সড়কের দুই পাশে পোশাকধারী পুলিশের সারিবদ্ধ অবস্থানের প্রচলিত নিয়মও বন্ধ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।
















