আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ গঠন, সাক্ষ্যগ্রহণ শুরু ১৮ ফেব্রুয়ারি
জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ ও গণহত্যার অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে বিচার শুরু করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার (২১ জানুয়ারি) মানবতাবিরোধী অপরাধের মামলায় সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলক-এর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মাধ্যমে মামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে আগামী ১৮ ফেব্রুয়ারি প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।
আদালতে শুনানির সময় জুনায়েদ আহমেদ পলক উপস্থিত ছিলেন। অভিযোগ গঠনের পর তিনি নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রত্যাশা করেন। সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মনজুর আলম এবং পলকের পক্ষে আইনজীবী এম লিটন শুনানিতে অংশ নেন।
ট্রাইব্যুনাল জানায়, জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে গণহত্যা সংঘটনের অভিযোগে তাদের বিরুদ্ধে মোট তিনটি অভিযোগে চার্জ গঠন করা হয়েছে।
বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ায় এই মামলাটি রাজনৈতিক ও আইনি অঙ্গনে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।















