নির্বাচন উপলক্ষে জারি নিষেধাজ্ঞা প্রত্যাহার, আগের নিয়মেই মিলবে ভিসা
বিমানবন্দরে নথি যাচাই শেষে বিদেশিদের অন-অ্যারাইভাল ভিসা প্রদান
নির্বাচনকে কেন্দ্র করে জারি করা অন-অ্যারাইভাল ভিসার নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে অন্তর্বর্তী সরকার। ফলে আগের নিয়মেই এখন বাংলাদেশে অন-অ্যারাইভাল ভিসা দেওয়া হচ্ছে।
সোমবার (১৯ জানুয়ারি) এ সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশে আসতে ইচ্ছুক বিদেশি নাগরিকরা বিমানবন্দরে পৌঁছে অন-অ্যারাইভাল ভিসা সংগ্রহ করতে পারবেন। বিদেশে অবস্থানরত একাধিক বাংলাদেশ মিশন থেকেও ভিসা পুনরায় চালুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।
এর আগে নির্বাচনকে সামনে রেখে ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এক মাসের জন্য অন-অ্যারাইভাল ভিসা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সে সময় বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন থেকে আগাম ভিসা নেওয়ার অনুরোধ জানানো হয়।
ইউরোপে অবস্থিত একটি বাংলাদেশ মিশনের এক কূটনীতিক জানান, ঢাকা থেকে অন-অ্যারাইভাল ভিসা পুনরায় চালুর নির্দেশনা এসেছে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বিষয়টি জানানো হয়েছে।
এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অন-অ্যারাইভাল ভিসার ক্ষেত্রে আগত যাত্রীদের প্রয়োজনীয় নথিপত্র, ভ্রমণের উদ্দেশ্য ও অন্যান্য তথ্য কঠোরভাবে যাচাই করার নির্দেশনা দেওয়া হয়েছে ইমিগ্রেশন বিভাগকে। যাচাইয়ে অসঙ্গতি পাওয়া গেলে যাত্রীকে ফেরত পাঠানোর ক্ষমতাও থাকবে ইমিগ্রেশনের।
যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, রাশিয়া, চীন, জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, মিসর, তুরস্ক, ব্রুনাই, মালদ্বীপ, ভুটানসহ ইউরোপের বিভিন্ন দেশের নাগরিকরা পর্যটন, বাণিজ্য, বিনিয়োগ ও চাকরির উদ্দেশ্যে বাংলাদেশে এসে অন-অ্যারাইভাল ভিসা পেয়ে থাকেন।
উল্লেখ্য, ভিসা স্থগিতের সময় পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন, নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সাময়িকভাবে এই ব্যবস্থা নেওয়া হয়েছিল। যাদের ভ্রমণের উদ্দেশ্য স্বচ্ছ ও সঠিক, তাদের আগাম ভিসা নিয়ে আসার অনুরোধ জানানো হয়েছিল।
নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে আবারও বাংলাদেশে বিদেশি নাগরিকদের ভ্রমণ ও যাতায়াত স্বাভাবিক হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।















