৭১ থেকে ১৪০ নম্বর আবেদনের শুনানি চলছে, প্রথম দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের দ্বিতীয় দিনের শুনানি আজ রোববার (১১ জানুয়ারি) সকালে শুরু হয়েছে।
ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে এই শুনানি কার্যক্রম শুরু হয় যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, আজকের কার্য তালিকায় ৭১ থেকে ১৪০ নম্বর পর্যন্ত মোট ৭০টি আপিল আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে গতকাল শনিবার প্রথম দিনের শুনানিতে ১ থেকে ৭০ নম্বর আবেদনের নিষ্পত্তি করা হয়। প্রথম দিন ৫১ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন এবং ১৫ জনের আবেদন নামঞ্জুর করা হয়েছে। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী এস. এ. কে একরামুজ্জামানের মনোনয়ন গ্রহণের বিরুদ্ধে করা আপিল মঞ্জুর হওয়ায় তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। এছাড়া তিনটি আবেদন বর্তমানে অপেক্ষমাণ রাখা হয়েছে।
ইসির নির্ধারিত সূচি অনুযায়ী, আগামীকাল ১২ জানুয়ারি ১৪১ থেকে ২িও নম্বর এবং ১৩ জানুয়ারি ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি হবে। ১৮ জানুয়ারি পর্যন্ত ধারাবাহিকভাবে মোট ৬৪৫টি আপিল আবেদনের নিষ্পত্তি করবে পূর্ণাঙ্গ কমিশন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। এরপর ২২ জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচার যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সারাদেশে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন আশাবাদ ব্যক্ত করেছে যে, আপিল শুনানির মাধ্যমে সকল যোগ্য প্রার্থী নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবেন এবং একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত হবে।
















