সুইজারল্যান্ডের জনপ্রিয় স্কি রিসোর্ট শহর ক্রাঁ-মন্তানায় একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জনের মৃত্যুর ঘটনায় বারের ব্যবস্থাপকদের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করেছে দেশটির কৌঁসুলিরা। এই ঘটনায় আরও ১১৯ জন আহত হন, যাঁদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।
নববর্ষের রাতে লে কঁস্তেলাসিওঁ নামের বারে আগুন লাগার দুই দিন পরও নিহতদের অনেকের পরিচয় নিশ্চিত করা যাচ্ছিল না। একই সঙ্গে কীভাবে সুইজারল্যান্ডের ইতিহাসের অন্যতম ভয়াবহ এই দুর্ঘটনা ঘটল, তা নিয়েও তদন্ত জোরদার করা হয়েছে।
ভ্যালাই ক্যান্টনের কৌঁসুলির দপ্তর জানায়, বারের দুই ব্যবস্থাপকের বিরুদ্ধে অবহেলাজনিত হত্যাকাণ্ড, অবহেলায় শারীরিক ক্ষতি এবং অবহেলাজনিত অগ্নিসংযোগের অভিযোগে তদন্ত চলছে। তবে তাঁদের নাম প্রকাশ করা হয়নি।
ঘটনাস্থলে গিয়ে সুইস বিচারমন্ত্রী বিট ইয়ান্স সাংবাদিকদের বলেন, এটি ছিল এক ভয়ংকর ট্র্যাজেডি। তিনি জানান, আগুনের সময় বারের ভেতরে তাপমাত্রা ৫০০ থেকে ৬০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।
বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বারের ব্যবস্থাপকরা ফ্রান্সের এক নারী ও এক পুরুষ। ঘটনার সময় পুরুষটি সেখানে ছিলেন না, আর নারী ব্যবস্থাপক বারের ভেতরে থেকে হাতে দগ্ধ হন। ফরাসি সংবাদমাধ্যমের তথ্যে জানা যায়, ওই দম্পতির ক্রাঁ-মন্তানায় আরেকটি এবং কাছের লঁ এলাকায় আরও একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
সুইস দৈনিক ট্রিবিউন দ্য জেনেভকে দেওয়া এক বক্তব্যে পুরুষ ব্যবস্থাপক দাবি করেন, গত ১০ বছরে বারটি তিনবার পরিদর্শন করা হয়েছিল এবং সবকিছু নিয়ম মেনেই করা হয়েছিল।
পুলিশ জানিয়েছে, দুই ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট অনেকের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। নববর্ষের অনুষ্ঠানে কী ঘটেছিল এবং অতীতে বারে কী ধরনের সংস্কারকাজ হয়েছিল, সে বিষয়ে তথ্য সংগ্রহ অব্যাহত রয়েছে।
ভ্যালাই ক্যান্টনের প্রধান কৌঁসুলি বিআত্রিস পিলু জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আতশবাজির ফুলকি ছাদের খুব কাছে চলে যাওয়ায় আগুনের সূত্রপাত হয়। এরপর দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে।
নিহত ও নিখোঁজদের মধ্যে অনেকেই কিশোর বয়সী। আহতদের স্থানীয় হাসপাতাল ছাড়াও আশপাশের দেশগুলোতে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
শনিবারও নিহতদের পরিচয় শনাক্ত করার কাজ চলছিল। সুইজারল্যান্ডে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত জানান, রোববারের মধ্যেই এই প্রক্রিয়া শেষ হতে পারে। ইতোমধ্যে এক ইতালীয় ১৬ বছর বয়সী কিশোরের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। কয়েকজন সুইস নাগরিকের মরদেহও তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সুইস প্রেসিডেন্ট গি পারমেলাঁ এই ঘটনাকে দেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ ট্র্যাজেডি বলে মন্তব্য করেছেন।
বিচারমন্ত্রী বিট ইয়ান্স বলেন, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করা এবং নিহতদের পরিচয় নির্ধারণ করা।
কৌঁসুলির দপ্তর জানিয়েছে, তদন্তে বারে কতজনকে প্রবেশ করতে দেওয়া হয়েছিল, জরুরি নির্গমনপথগুলো কার্যকর ছিল কি না এবং সংস্কারকাজে কী ধরনের উপকরণ ব্যবহার করা হয়েছিল—এসব বিষয় খতিয়ে দেখা হবে।
















