সনি লিভের ‘জ্যাজ সিটি’তে কেন্দ্রীয় চরিত্রে বাংলাদেশের জনপ্রিয় তারকা
বলিউডে কেন্দ্রীয় চরিত্রে বাংলাদেশের কোনো অভিনেতার উপস্থিতি বিরল। দীর্ঘ অপেক্ষা ও আলোচনার পর সেই নীরবতা ভেঙে প্রথমবারের মতো বলিউডের মূলধারার প্রজেক্টে মুখ্য চরিত্রে হাজির হলেন আরিফিন শুভ। সনি লিভের নতুন ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’-র টিজার প্রকাশের পরই দর্শকমহলে শুরু হয়েছে ব্যাপক আলোড়ন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সনি লিভ আনুষ্ঠানিকভাবে ‘জ্যাজ সিটি’র টিজার প্রকাশ করে সিরিজটির ঘোষণা দেয়। টিজারের শুরু থেকেই গল্পের কেন্দ্রবিন্দুতে দেখা যায় আরিফিন শুভকে। ‘জিমি রয়’ নামের চরিত্রে তিনি পুরো সিরিজের মূল চালিকাশক্তি, যার চারপাশে আবর্তিত হচ্ছে কাহিনির প্রতিটি বাঁক।
টিজারে আরিফিন শুভকে দেখা গেছে একাধিক ভিন্ন লুকে। কখনো ধূসর রঙের স্লিম কাট স্যুটে মার্জিত উপস্থিতি, কখনো আবার সাদা ঝকঝকে স্যুট পরে নাচের দৃশ্যে। রেট্রো ধাঁচের চুল ও পোশাক মিলিয়ে ১৯৭০-এর দশকের আবহ স্পষ্টভাবে ফুটে উঠেছে প্রতিটি ফ্রেমে।
নিজের চরিত্র প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, ‘জ্যাজ সিটি শুধু সংলাপনির্ভর গল্প নয়। এখানে সঙ্গীত, নীরবতা ও অনুভূতির মধ্য দিয়েই চরিত্রগুলো কথা বলে। দর্শক পুরো সিরিজজুড়েই এই বহুমাত্রিক অভিজ্ঞতা অনুভব করতে পারবেন।’
জানা গেছে, এই সিরিজে আরিফিন শুভ অভিনয় করেছেন চারটি ভাষায়—বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজি। টিজার অনুযায়ী, ‘জ্যাজ সিটি’ নির্মিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও সত্তরের দশকের সামাজিক-রাজনৈতিক পটভূমিতে। সেই সময়ের টানাপোড়েন, সংগ্রাম ও পরিবর্তনের গল্পই উঠে এসেছে সিরিজটির মূল উপজীব্য হিসেবে।
সিরিজটির নির্মাতা সৌমিক সেন, যিনি এর আগে আলোচিত ‘জুবিলি’ সিরিজের সহ-স্রষ্টা হিসেবে বলিউডে পরিচিতি পেয়েছেন। ‘জ্যাজ সিটি’-তে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন সৌরসেনী মিত্র। পাশাপাশি বলিউড ও টালিউডের আরও কয়েকজন পরিচিত অভিনয়শিল্পীকেও দেখা যাবে।
সনি লিভ জানিয়েছে, ‘জ্যাজ সিটি’ মুক্তি পাবে ২০২৬ সালের ৬ ফেব্রুয়ারি। হিন্দি, বাংলা ও ইংরেজি—এই তিন ভাষায় একযোগে সিরিজটি দর্শকদের সামনে আসবে।
















