জাতিসংঘ বলছে—অভিযুক্তের অনুপস্থিতিতে পরিচালিত বিচার ও মৃত্যুদণ্ডের রায় আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে জাতিসংঘ বলেছে—তারা সব পরিস্থিতিতেই মৃত্যুদণ্ডের বিরোধী। অভিযুক্ত অনুপস্থিতিতে বিচার হওয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।
বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে এবার প্রতিক্রিয়া জানালো জাতিসংঘ। জেনেভায় এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার দপ্তর বলেছে—তারা সব পরিস্থিতিতেই মৃত্যুদণ্ডের বিরোধী, এবং অভিযুক্তের অনুপস্থিতিতে এ ধরনের রায় উদ্বেগের কারণ।
মুখপাত্র রাভিনা শামদাসানি জানান, বিচার প্রক্রিয়ার বিস্তারিত তাদের জানা না থাকলেও, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি। তিনি বলেন—মৃত্যুদণ্ডের সিদ্ধান্ত জাতিসংঘের মৌলিক নীতির বিপরীত।
তবে রায়টিকে বিক্ষোভসহ ২০২৪ সালের দমন-পীড়নে নিহত ও নির্যাতিত ব্যক্তিদের জন্য একটি “গুরুত্বপূর্ণ মুহূর্ত” বলে উল্লেখ করেছে জাতিসংঘ। তারা মনে করে—দায়িত্বশীল কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনার প্রতিশ্রুতির বাস্তব রূপ এটি।
জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার টুর্ক বাংলাদেশকে আহ্বান জানিয়েছেন সত্য উদ্ঘাটন, ভুক্তভোগীদের ক্ষতিপূরণ এবং নিরাপত্তা খাতের রূপান্তরমূলক সংস্কার নিশ্চিত করতে—যাতে ভবিষ্যতে এ ধরনের লঙ্ঘন পুনরায় না ঘটে।
জাতিসংঘ আরও আহ্বান জানায়, রায়ের পর সব পক্ষকে সংযত থাকতে হবে এবং শান্ত পরিবেশ বজায় রাখতে হবে।















