উগান্ডা ও গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের যৌথ বাহিনী পূর্বাঞ্চলে অভিযান চালিয়ে আইএস-সংশ্লিষ্ট বিদ্রোহী গোষ্ঠীর কবল থেকে অন্তত ২০০ জন বেসামরিক মানুষকে উদ্ধার করেছে।
উগান্ডার সেনাবাহিনী সোমবার জানায়, গত সপ্তাহে অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস নামে পরিচিত বিদ্রোহী গোষ্ঠীটি এসব মানুষকে অপহরণ করে রেখেছিল। পরে যৌথ সামরিক অভিযানে তাদের মুক্ত করা হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিদের অনেকেই অসুস্থ ও দুর্বল অবস্থায় ছিলেন। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, বন্দিদশায় তারা খাদ্য সংকট, জোরপূর্বক শ্রম এবং অবাধ্য হলে শাস্তির মতো কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। অনেকেই ম্যালেরিয়া, শ্বাসতন্ত্রের সংক্রমণসহ বিভিন্ন চিকিৎসাহীন রোগে ভুগছিলেন।
১৯৯৪ সালে উগান্ডায় গঠিত এই বিদ্রোহী গোষ্ঠীটি পরে পূর্ব কঙ্গোতে ঘাঁটি স্থাপন করে এবং প্রায় এক দশক আগে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের প্রতি আনুগত্য ঘোষণা করে। এরপর থেকে সীমান্তবর্তী এলাকায় তাদের হামলা বেড়ে যায়।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, এই গোষ্ঠী পূর্ব কঙ্গোতে হাজারো বেসামরিক মানুষকে হত্যা করেছে এবং বহু মানুষকে অপহরণ করেছে। বিশেষ করে তরুণীদের জোরপূর্বক বিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
সম্প্রতি ইতুরি ও উত্তর কিভু প্রদেশে এই গোষ্ঠীর হামলা বেড়েছে, যদিও দুই দেশের যৌথ সামরিক অভিযান চলমান রয়েছে। চলতি মাসের শুরুতে এক হামলায় অন্তত ৪৩ জন নিহত হন।
সেনাবাহিনী জানায়, এ অভিযানে কয়েকজন বিদ্রোহী নিহত হয়েছে এবং তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। চলতি বছর থেকে যৌথ অভিযান জোরদার হওয়ায় কিছু এলাকায় নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে, বাস্তুচ্যুত মানুষ বাড়িতে ফিরতে শুরু করেছে এবং সীমান্ত বাণিজ্যও পুনরায় চালু হয়েছে।
















