কুমিল্লা প্রতিনিধি:
অবৈধ পথে ভারতে অনুপ্রবেশের পর আটক হওয়া ১৯ জন বাংলাদেশি নাগরিককে অবশেষে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামের আমানগন্ডা সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে একটি পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের হস্তান্তর করা হয়।
ফেরত আসা ১৯ জনের মধ্যে ৯ জন নারী, ৯ জন পুরুষ এবং ১ জন শিশু রয়েছে বলে নিশ্চিত করেছে বিজিবি।
পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
বিজিবি কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে সীমান্ত পিলার ২১০৪ সংলগ্ন এলাকায় এই আনুষ্ঠানিক হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
ভারতের ত্রিপুরা রাজ্যের দক্ষিণ ভবানীপুর নিউনিদিয়া বিএসএফ ক্যাম্পের কমান্ডার দীপংকর সাহার নেতৃত্বে বিএসএফের একটি দল এবং বিজিবির আমানগন্ডা বিওপির কমান্ডার মো. মোস্তফার নেতৃত্বে বিজিবির একটি দল পতাকা বৈঠকে অংশ নেয়।
১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, তাঁরা বিএসএফকে অবৈধভাবে কাউকে জোর করে পুশ-ইন না করে, আটক হওয়া বাংলাদেশিদের তালিকা ও পরিচয় যাচাইয়ের মাধ্যমে হস্তান্তরের অনুরোধ করেছিলেন। সেই অনুরোধের ভিত্তিতে বিএসএফ এই ১৯ জনের পরিচয় জানায়। বিজিবি বিভিন্ন মাধ্যমে যাচাই করে তাদের বাংলাদেশি নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পরই এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
থানায় হস্তান্তর, মামলার প্রস্তুতি
আমেনগন্ডা বিওপির কমান্ডার মো. মোস্তফা জানান, ফেরত আসা এই ব্যক্তিরা বিভিন্ন সময়ে অবৈধ উপায়ে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিলেন এবং সেখানে ভারতীয় পুলিশ বা বিএসএফের হাতে আটক হন। তাঁদের অনেকে সেদেশের কারাগারে সাজাও ভোগ করেছেন।
হস্তান্তরের প্রাথমিক কাজ শেষে সন্ধ্যায় বিজিবি ওই ১৯ জনকে চৌদ্দগ্রাম থানায় সোপর্দ করে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ বলেন, “বিজিবি ১৯ জনকে থানায় হস্তান্তর করেছে। তাঁদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বিজিবি মামলা দায়ের করছে। আটক ব্যক্তিদের বাড়ি বাগেরহাট, খুলনা ও উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন জেলায়। আগামীকাল (শুক্রবার) আইনি প্রক্রিয়ার জন্য তাঁদের কুমিল্লার আদালতে পাঠানো হবে।”














