বাবার যোগ্য উত্তরসূরি হতে পারবেন ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়র? বাবা ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল তো বটেই ফুটবলের ইতিহাসেরই সর্বকালের সেরাদের একজন। ছেলেও বাবার মতো পেশাদার ফুটবলার হওয়ার পথেই হাঁটছেন। হয়ত একদিন পর্তুগাল জাতীয় দলেও জায়গা করে নেবেন ক্রিস্টিয়ানো জুনিয়র। সেই পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন রোনালদোর বড় ছেলে।
প্রথমবারের মতো পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দলে ডাক পেলেন ক্রিস্টিয়ানো জুনিয়র। পর্তুগাল জাতীয় দলের অধিনায়ক রোনালদোর বড় ছেলে তুরস্কের বিপক্ষে একটি টুর্নামেন্টের জন্য দলে ডাকা হয়েছে। আগামী ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে।

পর্তুগিজ ফুটবল ফেডারেশনের (এফপিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, ১৫ বছর বয়সী ক্রিস্টিয়ানো জুনিয়রকে (ক্রিস্টিয়ানিনহো) ২২জন খেলোয়াড়ের তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে, যারা আগামী ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত তুরস্কের আনাতালিয়ায় অনুষ্ঠিতব্য ফেডারেশনস কাপে পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলের প্রতিনিধিত্ব করবে।

পর্তুগালে ক্রিস্টিয়ানিনহো নামে পরিচিত রোনালদোর বড় ছেলে এরই মধ্যে অনূর্ধ্ব-১৫ দলের হয়ে পাঁচটি ম্যাচ খেলেছে। গত মে মাসে ক্রোয়েশিয়ার ভ্লাতকো মারকোভিচ টুর্নামেন্টে তার অভিষেক হয়, যেখানে ফাইনালে স্বাগতিকদের বিপক্ষে ৩-২ গোলে জয়ের ম্যাচে জোড়া গোল করে নজর কাড়েন তিনি। সেই টুর্নামেন্টে তিনি তার বাবার বিখ্যাত ‘৭ নম্বর জার্সি’ পরে খেলেছিলেন এবং লেফট উইঙ্গার হিসেবে মাঠে নেমেছিলেন। রোনালদোও এই পজিশনেই তার ক্যারিয়ার শুরু করেছিলেন। বর্তমানে ক্রিস্টিয়ানো জুনিয়র সৌদি ক্লাব আল নাসরের যুব দলে খেলছেন। এর আগে তিনি ম্যানচেস্টার ইউনাইটেড এবং জুভেন্টাসের একাডেমিতেও প্রশিক্ষণ নিয়েছেন।
















